প্রায় এক শতাব্দী পর সৌদি আরবের মরুভূমিতে আবার দেখা মিলেছে অনাগারের-বন্য গাধার একটি বিলুপ্তপ্রায় প্রজাতি। শুধু ফিরে আসাই নয়, সৌদি আরবের প্রিন্স মোহাম্মদ বিন সালমান রয়্যাল রিজার্ভে জন্ম নিয়েছে একটি অনাগার শাবক। ঘটনাটিকে দেশটির বন্যপ্রাণী সংরক্ষণ কর্মসূচির গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

অনাগার একসময় আরবের মরুভূমিতে ব্যাপকভাবে বিচরণ করত। কিন্তু শিকার, আবাসস্থল ধ্বংস ও অন্যান্য কারণে প্রায় ১০০ বছর আগে সৌদি আরব থেকে প্রাণীটি বিলুপ্ত হয়ে যায়।

২০২৪ সালে জর্ডানের শওমারি ওয়াইল্ডলাইফ রিজার্ভ থেকে পাঁচটি স্ত্রী ও দুটি পুরুষসহ মোট সাতটি অনাগার সৌদিতে আনা হয়।

এরপর ২০২৫ সালের জুনে একটি স্ত্রী অনাগার একটি পুরুষ শাবকের জন্ম দেয়। শাবকটির প্রথম বছর অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় নিরাপদে ১২ মাস পার করার পর সম্প্রতি তার জন্মের খবর প্রকাশ করা হয়েছে। বর্তমানে রিজার্ভে মোট আটটি অনাগার রয়েছে এবং আরও দুটি স্ত্রী অনাগার গর্ভবতী।

বন্য পরিবেশে পারস্য অনাগারের সংখ্যা ৬০০টিরও কম বলে ধারণা করা হয়।

আইইউসিএন ২০২৫ সালে প্রাণীটির উপপ্রজাতিকে ‘চরম বিপন্ন’ হিসেবে তালিকাভুক্ত করেছে। তাই সৌদির মরুভূমিতে অনাগারের নতুন প্রজন্মের জন্মকে সংরক্ষণবিদরা বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন।

সৌদি আরবের ‘রিওয়াইল্ড অ্যারাবিয়া’ কর্মসূচির লক্ষ্য শুধু অনাগার নয়, আরব অঞ্চলের ঐতিহাসিকভাবে হারিয়ে যাওয়া ২৩টি স্থানীয় প্রজাতিকে তাদের পুরোনো আবাসস্থলে ফিরিয়ে আনা। এর মধ্যে ইতিমধ্যে ১৪টি প্রজাতি পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী দিনে অনাগারের পাশাপাশি আরবীয় চিতাবাঘসহ অন্যান্য বিলুপ্তপ্রায় প্রাণীকেও প্রাকৃতিক পরিবেশে ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে।