পুবের কলম ওয়েব ডেস্ক:ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় এবং তাঁর স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়কে খুনের হুমকি দিয়ে চিঠি পাঠানোর অভিযোগ উঠল। সোমবার সৌরভের ব্যক্তিগত সচিব তানিয়া ভট্টাচার্য এই বিষয়ে ঠাকুরপুকুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পাশাপাশি রাজ্যের গোয়েন্দা বিভাগকেও বিষয়টি জানানো হয়েছে।
আরও পড়ুন:
অভিযোগপত্রে বলা হয়েছে, গত ছ'মাস ধরে বেনামে ইংরেজিতে বেশ কয়েকটি আপত্তিকর চিঠি পাঠানো হচ্ছিল গঙ্গোপাধ্যায় পরিবারকে।
প্রথমে বিষয়টিতে বিশেষ গুরুত্ব না দিলেও, সোমবার আসা নতুন চিঠিতে সরাসরি দম্পতিকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এরপরই নিরাপত্তার কারণে পুলিশের দ্বারস্থ হয় পরিবার। জানা গিয়েছে, চিঠিতে থাকা একটি ফোন নম্বর 'ট্রু কলার'-এ সার্চ করে জনৈক অরুণ কুমারের নাম সামনে এসেছে। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। প্রসঙ্গত, এর আগে ২০১৭ সালেও সৌরভ গঙ্গোপাধ্যায়কে খুনের হুমকির অভিযোগে নির্মাল্য মাইতি নামে এক যুবককে গ্রেপ্তার করেছিল পুলিশ।