পুবের কলম ওয়েব ডেস্কঃ ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় পরিবর্তন আনল রাজ্য সরকার। গত তিন বছর ধরে যে জেড ক্যাটাগরির নিরাপত্তা তিনি পেয়ে আসছিলেন, তা কমিয়ে দেওয়া হল। এই সিদ্ধান্ত নিয়ে তাঁর প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি কোনও মন্তব্য করতে চাননি। উল্লেখ্য, রাজ্যের নিরাপত্তা ব্যবস্থায় বিশিষ্ট ব্যক্তি, জনপ্রতিনিধি, বিচারপতি, শীর্ষ প্রশাসনিক আধিকারিক, শিল্পপতি, ক্রীড়াবিদ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের ঝুঁকির মাত্রা বিচার করে বিভিন্ন স্তরের নিরাপত্তা দেওয়া হয়। সেই মূল্যায়নের ভিত্তিতেই সময় সময় নিরাপত্তার পরিমাণ বাড়ানো বা কমানো হয়ে থাকে।
আরও পড়ুন:
কয়েক বছর আগে পর্যন্ত সৌরভ সীমিত সংখ্যক নিরাপত্তারক্ষী নিয়ে চলাফেরা করতেন। ২০২৩ সালের মে মাস পর্যন্ত সৌরভ পেতেন ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা। তাঁর ব্যক্তিগত নিরাপত্তা দেখার দায়িত্বে ছিলেন কলকাতা পুলিশের স্পেশ্যাল ব্রাঞ্চের তিন জন। এরমধ্যে দুজন ছিলেন সশস্ত্র। এছাড়াও সৌরভের বাড়িতে কয়েকজন পুলিশ মোতায়েন থাকতেন।
পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নিরাপত্তা বাড়িয়ে জেড ক্যাটাগরি করে দেয়। তাঁর ব্যক্তিগত নিরাপত্তারক্ষীর সংখ্যা বেড়ে হয় ৮ থেকে ১০ জন। বাড়িতেও বেশি সংখ্যায় পুলিশ মোতায়েন করা হয়। এ ছাড়া, রাস্তায় সৌরভের গাড়ির সামনে থাকত পুলিশের পাইলট কার। প্রায় ৩৫ জন তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকতেন।রাজ্যে সরকার পরিবর্তনের পর থেকেই বিভিন্ন রাজনৈতিক নেতা, প্রাক্তন পদাধিকারী এবং বিশিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা ব্যবস্থা নতুন করে খতিয়ে দেখা শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন, প্রকৃত প্রয়োজন না থাকলে অতিরিক্ত নিরাপত্তা বহাল রাখা হবে না। সেই নীতির ভিত্তিতেই একাধিক ব্যক্তির নিরাপত্তা পুনর্মূল্যায়ন করা হয়েছে বলে প্রশাসনিক সূত্রের দাবি।আরও পড়ুন:
ভোটের ফল ঘোষণার পর থেকেই ধাপে ধাপে বেশ কয়েকজনের নিরাপত্তা ব্যবস্থায় পরিবর্তন আনা হয়। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক ব্যক্তির নিরাপত্তা পুনর্বিবেচনা করা হয়। প্রশাসনের বক্তব্য ছিল, প্রত্যেককে তাঁদের বর্তমান সাংবিধানিক বা সরকারি মর্যাদা অনুযায়ী নিরাপত্তা দেওয়া হবে।