কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৪৭ জন নিহত হয়েছেন। সোমবার স্থানীয় সময় সকাল ৭টা ৩৪ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এতে বিভিন্ন এলাকায় বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন এবং কয়েক ডজন ভবন ক্ষতিগ্রস্ত বা ধসে পড়েছে।

ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল রাজধানী বোগোতা থেকে প্রায় ৪০০ কিলোমিটার পশ্চিমে চোকো অঞ্চলের সান হোসে দেল পালমার এলাকায়। ভূমিকম্পটির গভীরতা নিয়ে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) ও কলম্বিয়ার কর্তৃপক্ষের হিসাবে কিছুটা পার্থক্য রয়েছে।

তবে মার্কিন সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, এই ভূমিকম্পে সুনামির কোনো আশঙ্কা নেই।

সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে। স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, ভালে দেল কাওকা অঞ্চলে ২৭ জন, পেরেইরায় ১৮ জন এবং মানিজালেসে দু’জনের মৃত্যু হয়েছে। ক্যালি শহরেও অন্তত ২৫টি ভবন সম্পূর্ণ ধসে পড়েছে বলে জানা গেছে।

মেডেলিনসহ বিভিন্ন এলাকায় বাড়িঘরের ছাদ ও দেয়াল ধসে পড়ার খবর পাওয়া গেছে।

সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মেডেলিনের মেট্রো পরিষেবা সাময়িক বন্ধ রাখা হয়। রাজধানী বোগোতাতেও আতঙ্কে মানুষ রাস্তায় নেমে আসেন। সেখানে কয়েকটি ভবনে ফাটল দেখা গেলেও বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

চোকো অঞ্চলের কিবদো শহরেও বেশ কয়েকজন আহত হয়েছেন। সম্ভাব্য আফটারশকের আশঙ্কায় উদ্ধার ও ত্রাণ তৎপরতা জোরদার করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে চলছে ব্যাপক উদ্ধার অভিযান।