SIR-এ ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া মানুষের সমস্যার সমাধানের দাবিতে কলকাতায় মিছিল করল জমিয়তে উলামায়ে হিন্দ। মঙ্গলবার আদালতের অনুমতি নিয়ে রাজাবাজার থেকে মৌলালী পর্যন্ত এই মিছিলের আয়োজন করা হয়। মিছিলে সংগঠনের রাজ্য নেতৃত্ব ও বিভিন্ন জেলার প্রতিনিধিরা অংশ নেন।
আরও পড়ুন:
মিছিল শেষে জমিয়তে উলামায়ে হিন্দের রাজ্য সভাপতি মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী জানান, ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় যাঁদের নাম বাদ পড়েছে, তাঁদের সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে।
তাঁর দাবি, এই সমস্যার দ্রুত নিষ্পত্তির জন্য জেলায় জেলায় ট্রাইব্যুনাল গঠন করা প্রয়োজন।আরও পড়ুন:
সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেন, নির্বাচন কমিশন ও রাজ্য সরকারকে এ বিষয়ে উদ্যোগ নিতে হবে। নাগরিকদের সমস্যার সমাধান না হলে দেশের স্বার্থে এবং গণতন্ত্রের স্বার্থে জেলায় জেলায় শান্তিপূর্ণ আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও দেন তিনি।
আরও পড়ুন:
SIR-এর প্রক্রিয়ায় নাম বাদ পড়ার ফলে নাগরিকদের বিভিন্ন সমস্যার মুখে পড়তে হচ্ছে বলেও দাবি করেন জমিয়তের রাজ্য সভাপতি।
তাঁর বক্তব্য, অবৈধভাবে দেশে আসা ব্যক্তিদের বিষয়ে সংগঠন কোনও মন্তব্য করছে না। তবে বৈধ নাগরিকদের নাম বাদ পড়ার পর দীর্ঘদিন ধরে ট্রাইব্যুনাল বা সংশ্লিষ্ট প্রক্রিয়ায় আটকে রাখা হলে তা গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষে উদ্বেগের বিষয়।আরও পড়ুন:
পাশাপাশি জনগণনার কাজের জন্য আরও সময় দেওয়ার দাবিও জানিয়েছে জমিয়তে উলামায়ে হিন্দ। সংগঠনের বক্তব্য, জনগণনা ও ভোটার তালিকা সংক্রান্ত প্রক্রিয়ায় সাধারণ মানুষের যাতে কোনও সমস্যা না হয়, তা নিশ্চিত করতে প্রশাসনের আরও কার্যকর ভূমিকা প্রয়োজন।
আরও পড়ুন:
এদিনের কর্মসূচিতে জমিয়তের রাজ্য সম্পাদক মুফতি আব্দুস সালাম-সহ বিভিন্ন জেলার নেতারা উপস্থিত ছিলেন। মিছিলকে কেন্দ্র করে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, তার জন্য কলকাতা পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল।