ইরানের জাতীয় নিরাপত্তা কাঠামোয় বড় পরিবর্তন আনা হয়েছে। ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পসের (আইআরজিসি) সাবেক প্রধান মহসেন রেজাইকে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের নতুন সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রবিবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কার্যালয় এ তথ্য জানিয়েছে।
আরও পড়ুন:
৭১ বছর বয়সী রেজাই এই পদে মোহাম্মদ বাঘের জুলঘাদরের স্থলাভিষিক্ত হয়েছেন। জুলঘাদর গত মার্চে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সচিব হিসেবে দায়িত্ব নিয়েছিলেন।
তাঁর পদত্যাগের পর রেজাইকে নতুন দায়িত্ব দেওয়া হয়। জুলঘাদর এখন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির রাজনৈতিক উপদেষ্টা হিসেবে কাজ করবেন বলে জানানো হয়েছে।আরও পড়ুন:
রেজাই দীর্ঘদিন ইরানের সামরিক ও নিরাপত্তা কাঠামোর গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। ১৯৮১ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত তিনি আইআরজিসির প্রধান ছিলেন এবং ইরান-ইরাক যুদ্ধের দীর্ঘ সময় ওই দায়িত্বে ছিলেন। পরে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের পাশাপাশি সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টার দায়িত্বও পালন করেন।
আরও পড়ুন:
ইরান-যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার মধ্যে রেজাইয়ের নতুন নিয়োগকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তিনি অতীতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়ে সংশয় প্রকাশ করেছেন এবং হরমুজ প্রণালির কৌশলগত গুরুত্বের ওপর জোর দিয়েছেন। গত জুলাইয়ে তিনি হরমুজের নিয়ন্ত্রণকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছিলেন।
আরও পড়ুন:
নতুন দায়িত্বে রেজাই ইরানের জাতীয় নিরাপত্তা, সামরিক কৌশল এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য আলোচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন বলে মনে করা হচ্ছে। তবে তাঁর নিয়োগের ফলে তেহরানের কূটনৈতিক অবস্থানে সরাসরি কী পরিবর্তন আসবে, তা এখনও স্পষ্ট নয়।