কসোভোর পার্লামেন্টে রাজনৈতিক অচলাবস্থার মধ্যেই তুমুল উত্তেজনা সৃষ্টি হয়েছে। অধিবেশন চলাকালে দেশটির অন্তর্বর্তী প্রধানমন্ত্রী আলবিন কুর্তিকে লক্ষ্য করে ডিম ছুড়ে মারেন বিরোধী দলের এক সংসদ সদস্য। এ ঘটনার পর পার্লামেন্টের অধিবেশন স্থগিত করা হয়।

বিরোধী আইনপ্রণেতা টিম কাদ্রিজাজ সামনের সারিতে বসে থাকা কুর্তির দিকে ডিম ছুড়ে দিয়ে তাঁকে ধিক্কার জানান।

পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তাকর্মীরা দ্রুত প্রধানমন্ত্রীকে ঘিরে ফেলেন। অধিবেশনের সরাসরি সম্প্রচারও বন্ধ করে দেওয়া হয়।

কসোভো দীর্ঘদিন ধরে রাজনৈতিক সংকটে রয়েছে। গত দুই বছরেরও কম সময়ে দেশটিতে তিনটি নির্বাচন হয়েছে এবং রাজনৈতিক মতবিরোধের কারণে বারবার সংসদ ভেঙে দেওয়া হয়েছে।

নতুন প্রেসিডেন্ট নির্বাচনের বিষয়েও রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনও ঐকমত্য হয়নি।

এদিকে কুর্তির দল ভিভেৎভেনদোসে গত জুনের নির্বাচনে সবচেয়ে বেশি আসন পেলেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় রাজনৈতিক সমর্থন নিশ্চিত করতে পারেনি। নতুন প্রেসিডেন্ট নির্বাচনের জন্যও দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন। ফলে পার্লামেন্টে অচলাবস্থা আরও গভীর হয়েছে।

এর আগেও কসোভোর পার্লামেন্টে বিশৃঙ্খলা ও কাঁদানে গ্যাস ব্যবহারের মতো ঘটনা ঘটেছে। নতুন করে এমপির ডিম ছোড়ার ঘটনায় দেশটির রাজনৈতিক সংকট আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।