পুবের কলম ওয়েব ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের আদালতে বিরাট স্বস্তি পেলেন ভারতীয় শিল্পপতি গৌতম আদানি। তাঁর বিরুদ্ধে ওঠা জালিয়াতি ও বিপুল অঙ্কের ঘুষ দেওয়ার অভিযোগের মামলাটি সোমবার আনুষ্ঠানিকভাবে খারিজ করে দিয়েছেন নিউ ইয়র্কের ব্রুকলিন জেলা আদালতের বিচারক নিকোলাস গারাউফিস। কয়েক দিন আগেই মার্কিন বিচার দপ্তর জানিয়েছিল যে, তারা এই মামলাটি আর এগিয়ে নিয়ে যেতে আগ্রহী নয়। এরপরই বিচারক এই চূড়ান্ত নির্দেশ দেন।

২০২৪ সালের নভেম্বরে ব্রুকলিন জেলা আদালতে আদানিদের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করা হয়েছিল।

মূল অভিযোগ ছিল, গৌতম আদানির মালিকানাধীন ‘আদানি গ্রিন এনার্জি লিমিটেড’ (এজিএল) বাজারের চেয়ে চড়া দামে সৌরবিদ্যুৎ বিক্রির বরাত পেতে অন্ধ্রপ্রদেশ-সহ ভারতের কয়েকটি রাজ্যের মন্ত্রী, জনপ্রতিনিধি এবং সরকারি আধিকারিকদের প্রায় ২৬.৫ কোটি ডলার বা ২০২৯ কোটি টাকা ঘুষ দিয়েছিল। পাশাপাশি, মার্কিন বিনিয়োগকারীদেরও মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ার অভিযোগ উঠেছিল আদানির বিরুদ্ধে। তবে প্রথম থেকেই আদানি গোষ্ঠী এই যাবতীয় অভিযোগ দৃঢ়তার সঙ্গে অস্বীকার করে আসছিল।

চলতি বছরের জানুয়ারি মাসে এই মামলার পরিপ্রেক্ষিতে আমেরিকা থেকে গৌতম আদানি এবং তাঁর ভাইপো সাগর আদানিকে সমন পাঠানো হয়। তাঁরা তদন্তে সবরকম সহযোগিতার বার্তাও দিয়েছিলেন।

কিন্তু কয়েক মাস পরেই মার্কিন বিচার দপ্তর মামলা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়। তাদের পক্ষ থেকে জানানো হয়, এই ধরনের একটি আন্তর্জাতিক ইস্যু মার্কিন আদালতে উপযুক্ত যুক্তি ও প্রমাণ-সহ প্রতিষ্ঠা করা অত্যন্ত কঠিন। তাই আপাতত এই মামলাটি চালিয়ে যাওয়া একেবারেই অর্থহীন। সেই প্রক্রিয়া মেনেই সোমবার মামলাটি খারিজ হয়ে যায়। প্রসঙ্গত, আদানির তরফে ৯৬ হাজার ৩১৪ কোটি টাকা বিনিয়োগের প্রতিশ্রুতির কারণেই মামলাটি খারিজ করা হয়েছে বলে সম্প্রতি একটি খবর রটলেও, তার কোনো সত্যতা নেই বলে জানা গিয়েছে।