পুবের কলম ওয়েব ডেস্ক: স্বাধীনতা দিবসে বড়সড় নাশকতার আশঙ্কায় রাজধানী দিল্লি জুড়ে চরম সতর্কতা জারি করা হয়েছে। গোয়েন্দা সূত্রে হামলার খবর পাওয়ার পরই শহরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। এর পাশাপাশি, দেশে বিভিন্ন বোমা বিস্ফোরণ ও সন্ত্রাসবাদী হামলার সঙ্গে যুক্ত আল-কায়দা, ইন্ডিয়ান মুজাহিদিন (আইএম) এবং খলিস্তানপন্থী মোট ১৯ জন পলাতক জঙ্গির ছবি প্রকাশ করেছে দিল্লি পুলিশ।

দিল্লি পুলিশ সূত্রে জানানো হয়েছে, এই ১৯ জন ‘ওয়ান্টেড’ জঙ্গির গতিবিধির উপর কড়া নজর রাখা হচ্ছে। সাধারণ নাগরিকদেরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন।

সন্দেহজনক কাউকে দেখলেই অবিলম্বে পুলিশকে খবর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ প্রকাশিত ছবিগুলিকে মূলত তিনটি মডিউলে ভাগ করা হয়েছে, যেগুলি হলো আইএম, আল-কায়দা এবং খলিস্তান।
পুলিশের তথ্য অনুযায়ী, দেশের মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকা পাঁচ জন ইন্ডিয়ান মুজাহিদিন বা আইএম সদস্যের ছবি প্রকাশ করা হয়েছে। এঁরা হলেন কর্নাটকের ভটকলের বাসিন্দা ইখবাল ভটকল ও রিয়াজ ভটকল, বেঙ্গালুরুর জুনেইদ আহমদ, উত্তরপ্রদেশের আজমগড়ের মহম্মদ খালিদ এবং মহারাষ্ট্রের পুণের মহসিন চৌধরী। আল-কায়দা মডিউলের ছ’জন জঙ্গির মধ্যে রয়েছেন সম্ভলের মহম্মদ শরজিল আখতার, দিল্লির সীলমপুরের মহম্মদ রেহান, ঝাড়খণ্ডের আবু সুফিয়ান, জামশেদপুরের সৈয়দ মহম্মদ আর্শিয়ান, বেঙ্গালুরুর মহম্মদ শাহিদ ফৈজল এবং হায়দরাবাদের মহম্মদ উমর।

এছাড়া খলিস্তানি সংগঠনের সঙ্গে যুক্ত আট জন জঙ্গিরও খোঁজ চলছে। এঁদের মধ্যে রয়েছেন বব্বর খালসা ইন্টারন্যাশনাল-এর বাধবা সিংহ বব্বর, পুরষোত্তম সিংহ পম্মা, হরবিন্দর সিংহ রিন্দা, গুরমীত সিংহ বগ্গা ও ভূপেন্দ্র সিংহ ভিন্ডা। এর সঙ্গে খলিস্তান জিন্দাবাদ ফোর্স-এর রণজিৎ সিংহ, পরমজিত সিংহ পম্মা এবং খলিস্তান টাইগার ফোর্স-এর অর্শদীপ সিংহ ডালার ছবিও প্রকাশ করা হয়েছে।

হামলার আশঙ্কায় দিল্লির রেল ও মেট্রো স্টেশন, বাসস্ট্যান্ড, বাজার, ঐতিহাসিক স্থান-সহ সমস্ত ভিড়বহুল এলাকায় নিরাপত্তা নিশ্ছিদ্র করা হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিপুল সংখ্যক অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি, সিসিটিভি ক্যামেরার সাহায্যে গোটা শহরের উপর অবিরাম নজরদারি চালানো হচ্ছে।