পুবের কলম ওয়েব ডেস্ক: দিল্লিতে পড়ুয়াদের আন্দোলনের সমর্থনে সুর চড়ালেও ঝাড়খণ্ডের ছাত্র বিক্ষোভ নিয়ে প্রথমদিকে কার্যত নিশ্চুপ ছিলেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। গত মাসে যন্তর মন্তরে নিট বিতর্কে ককরোচ জনতা পার্টির আন্দোলনে গিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেছিলেন তিনি। কিন্তু সম্প্রতি ঝাড়খণ্ডে জেপিএসসি নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগে শুরু হওয়া ছাত্র আন্দোলনে পুলিশের লাঠিচার্জ, জলকামান ও কাঁদানে গ্যাস ছোড়া হলেও তিনি কোনো মন্তব্য করেননি। উলটে গত সোমবার বন্ধু তথা ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে জন্মদিনের শুভেচ্ছাবার্তা জানান তিনি।
আরও পড়ুন:
একই ইস্যুতে কেজরিওয়ালের এই জোড়া অবস্থান নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনা শুরু হয়। একদিকে রাজনৈতিক আদর্শ এবং অন্যদিকে বন্ধু হেমন্ত সোরেন এই দুইয়ের জাঁতাকলে পড়ে রীতিমতো ধর্ম সংকটে পড়েন আপ প্রধান। অবশেষে নেটিজেনদের কটাক্ষের মুখে পড়ে মঙ্গলবার এই বিষয়ে নীরবতা ভাঙেন তিনি।
তবে সরাসরি হেমন্ত সোরেন বা তাঁর সরকারের কোনো সমালোচনা না করে অত্যন্ত সতর্কভাবে একটি মাঝামাঝি রাস্তা বেছে নেন কেজরিওয়াল।