পুবের কলম, ওয়েবডেস্ক: ঝাড়খণ্ডে সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে বিক্ষোভকারীদের বিধানসভা অভিযানকে কেন্দ্র করে চরম উত্তেজনা সৃষ্টি হয় রাঁচিতে। ১৭তম দিনে পদার্পণ করা শিক্ষার্থীদের এই শান্তিপূর্ণ আন্দোলনে গোলযোগ সৃষ্টি করার অভিযোগে দুষ্কৃতীদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ প্রশাসন। সোমবার বিধানসভা অভিমুখে আন্দোলনকারীদের মিছিল এগিয়ে চললে তা ঠেকাতে পুলিশ জলকামান, টিয়ার গ্যাস প্রয়োগ করে এবং মৃদু লাঠিচার্জ চালায়। এই সংঘর্ষের ঘটনায় অন্তত ১৪ জন পুলিশ কর্মী আহত হয়েছেন বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
ঘটনার পর রাঁচির সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ রাকেশ রঞ্জন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে যে সব অসামাজিক ও দুষ্কৃতী উপাদান ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, তাদের চিহ্নিত করতে পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করবে।" তিনি আরও জানান, সোমবারের এই বিক্ষোভ প্রদর্শনের সময় আন্দোলনকারীদের নিয়ন্ত্রণে আনতে পুলিশকে "মৃদু লাঠিচার্জ" করতে হয়েছিল। এই ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় ১৪ জন পুলিশ কর্মী আঘাতপ্রাপ্ত হয়েছেন।
নিয়োগ পরীক্ষায় কারচুপি ও অনিয়মের প্রতিবাদে চাকরিপ্রার্থীদের এই আন্দোলন সোমবার ১৭তম দিনে প্রবেশ করে। ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন ও স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষায় স্বচ্ছতা এবং অনিয়মের নিরপেক্ষ তদন্তের দাবিতে বেশ কিছুদিন ধরেই রাজপথে রয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। আন্দোলনকারীদের বিধানসভা ঘেরাও অভিযান রুখতে পুলিশ ব্যারিকেড দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরবর্তীতে টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করে ছত্রভঙ্গ করা হয় আন্দোলনকারীদের। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।