পুবের কলম ওয়েব ডেস্ক:পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ায় বাদ পড়া ভোটারদের আপিল নিষ্পত্তির ধীরগতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার এই সংক্রান্ত একটি মামলার শুনানিতে প্রধান বিচারপতি সূর্য কান্ত মন্তব্য করেন, আপিল নিষ্পত্তির কাজ এত ধীরে চললে তো পরের নির্বাচন চলে আসবে। এই বিষয়ে দ্রুততার সঙ্গে কাজ করার জন্য নির্বাচন কমিশনকে কড়া বার্তা দিয়েছে শীর্ষ আদালত।
আরও পড়ুন:
কংগ্রেস নেতা অধীর চৌধুরীর দায়ের করা একটি মামলার শুনানিতে এদিন প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ এই পর্যবেক্ষণ জানায়।
অধীর চৌধুরীর আইনজীবী ফিরদৌস শামিম আদালতে জানান, মালদহ এবং মুর্শিদাবাদ জেলায় আবেদনকারীর সংখ্যা বেশি হলেও নিষ্পত্তির হার অত্যন্ত কম। তাই ওই দুই জেলায় অতিরিক্ত ট্রাইবুনাল গঠনের আর্জি জানান তিনি। শুনানিতে নির্বাচন কমিশনের কাছে আপিল নিষ্পত্তির কোনও সঠিক পরিসংখ্যান না থাকায় তাদের নোটিস পাঠিয়েছে শীর্ষ আদালত। বিচারপতি জয়মাল্য বাগচী পরামর্শ দেন, প্রয়োজনে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বা নতুন করে ট্রাইবুনাল সাজিয়ে এই কাজে গতি আনতে হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন কমিশনের আইনজীবী দামা শেষাদ্রি নায়ডু।আরও পড়ুন:
উল্লেখ্য, রাজ্যে এসআইআর প্রক্রিয়ায় প্রায় ৯১ লক্ষ মানুষের নাম বাদ পড়েছিল, যার মধ্যে প্রায় ২৭ লক্ষ মানুষ ট্রাইবুনালে আবেদন করেন। প্রথমে ২০টি ট্রাইবুনাল গঠন করা হলেও বর্তমানে রাজ্যের ২৪টি জেলায় মোট ১৮টি ট্রাইবুনাল কাজ করছে। এদিনের শুনানিতে নাম বাদ পড়া মানুষদের রেশন না পাওয়ার বিষয়টিও উত্থাপিত হয়। তবে সুপ্রিম কোর্ট জানিয়েছে, এটি সম্পূর্ণ ভিন্ন বিষয় এবং প্রয়োজনে এর জন্য হাই কোর্টে আবেদন করতে হবে। আগামী ২৫ অগস্ট এই মামলার পরবর্তী শুনানি ধার্য করেছে আদালত।