পুবের কলম : নতুন করে বিতর্কের কেন্দ্রে যোগগুরু রামদেব। পশ্চিম এশিয়ার চলমান সংঘাত নিয়ে এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুদ্ধ হলেও ইরানকে হারানো সম্ভব নয়। তাঁর দাবি, ইরান- এর মানুষের বিশ্বাস ও আদর্শ এত শক্তিশালী যে কোনও সামরিক শক্তি তা ভাঙতে পারবে না। একটি সংবাদ চ্যানেলের অনুষ্ঠানে তিনি বলেন, কারও শরীরকে হত্যা করা সম্ভব হলেও তার আদর্শ বা আত্মসম্মানকে হত্যা করা যায় না।

এই প্রসঙ্গে তিনি আয়াতোল্লা আলি খামেনেই- এর কথাও উল্লেখ করেন। রামদেবের মতে, ইরানের কোটি কোটি মানুষ খামেনেইয়ের চিন্তাধারা বিশ্বাস করে এবং সেই বিশ্বাসকে সহজে ভাঙা যাবে না। সাক্ষাৎকারে তিনি আরও বলেন, পশ্চিম এশিয়ার সংঘাতে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বড় ভূমিকা নিচ্ছে। তাঁর অভিযোগ, এই দুই দেশ যুদ্ধের মাধ্যমে মানবতা ও প্রকৃতির বিরুদ্ধে অপরাধ করছে।
এমনকি তিনি বলেন, এই যুদ্ধের ফল ভবিষ্যতে বহু বছর ধরে বিশ্বকে ভোগ করতে হবে।

তবে এই মন্তব্যের কারণে নতুন বিতর্কও শুরু হয়েছে। কারণ অতীতে মুসলিম সম্প্রদায় নিয়ে রামদেবের বেশ কিছু বিতর্কিত মন্তব্য সামনে এসেছে। ২০২৩ সালে তিনি বলেছিলেন, কিছু মানুষ নামাজ পড়লেও সন্ত্রাসবাদে জড়িয়ে পড়ে।

তার এমন মন্তব্যের জন্য ব্যাপক সমালোচনা হয় সে সময়। আবার অন্য এক বক্তব্যে তিনি দাবি করেছিলেন, মুসলিম সমাজে বহু বিবাহ ও নারীদের পোশাক নিয়ে সমস্যা রয়েছে। এসব মন্তব্যকে ঘিরে বিভিন্ন মুসলিম সংগঠন তীব্র প্রতিবাদও জানায়।

সেই প্রেক্ষাপটে অনেকের মতে, এবার ইরানের প্রশংসা করে রামদেব একেবারে ভিন্ন সুরে কথা বললেন। সমালোচকদের প্রশ্ন, মুসলিমদের নিয়ে অতীতে কঠোর মন্তব্য করা এই যোগগুরুর হঠাৎ এই অবস্থান পরিবর্তনের পেছনে কী কারণ রয়েছে। তাই তাঁর এই নতুন মন্তব্যকে অনেকেই রাজনৈতিক অবস্থান বদলের ইঙ্গিত বলেও মনে করছেন।