পুবের কলম ওয়েব ডেস্ক: সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের পর একাধিক ক্ষেত্রে নাম বাদ পড়ার অভিযোগ সামনে আসছে। শত শত মানুষের নাম তালিকা থেকে বাদ যাওয়ার পর তাঁদের ট্রাইব্যুনালে আপিল করার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। এই পরিস্থিতিতে ট্রাইব্যুনাল প্রক্রিয়া আরও সহজ ও নাগরিকবান্ধব করার দাবিতে একগুচ্ছ প্রস্তাব সামনে আনল তৃণমূল কংগ্রেস। এ বিষয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে একটি চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে, ট্রাইব্যুনালে আপিল করার ক্ষেত্রে মানুষকে যেন শুধু নির্দিষ্ট একটি জায়গায় যেতে না হয়।
এছাড়াও অনলাইন ব্যবস্থার পাশাপাশি অফলাইনে আবেদন করার সুযোগ দ্রুত চালু করার জন্য যত শীঘ্র সম্ভব বিজ্ঞপ্তি জারি করার দাবি জানানো হয়েছে। ট্রাইব্যুনালের শুনানিতে আপিলকারী যাতে সরাসরি উপস্থিত থাকতে পারেন বা ভার্চুয়াল মাধ্যমেও অংশ নিতে পারেন, সেই সুযোগ রাখার প্রস্তাবও দেওয়া হয়েছে। একই সঙ্গে শুনানির তারিখ সম্পর্কে আবেদনকারীদের আগাম জানানো এবং পুরো প্রক্রিয়াকে আরও স্বচ্ছ করার কথাও উল্লেখ করা হয়েছে। চিঠিতে আরও বলা হয়েছে, অনলাইন আবেদন পোর্টালে প্রয়োজনীয় নথি আপলোড করার আলাদা অপশন রাখা যেতে পারে। আবার যারা সশরীরে আবেদন করবেন, তাঁদের জন্য নির্দিষ্ট একটি ফর্ম নির্ধারণ করা এবং প্রয়োজনীয় নথি সংযুক্ত করার সুযোগ দেওয়ার প্রস্তাবও রয়েছে। পাশাপাশি অফলাইনে আবেদন জমা দিলে আবেদনকারীকে একটি গ্রহণপত্র বা রসিদ দেওয়ার ব্যবস্থার কথাও উল্লেখ করা হয়েছে।
আসন্ন বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে ট্রাইব্যুনালে জমা পড়া আবেদনগুলির নিষ্পত্তি দ্রুত করার দাবি জানিয়েছে তৃণমূল। চিঠিতে প্রস্তাব রাখা হয়েছে, আপিল সংক্রান্ত সিদ্ধান্ত বা ফলাফল প্রতিদিনের ভিত্তিতে প্রকাশ করা হলে পুরো প্রক্রিয়া আরও স্বচ্ছ হবে এবং সাধারণ মানুষও দ্রুত তথ্য জানতে পারবেন।