পুবের কলম ওয়েবডেস্কঃ দিল্লি থেকে কলকাতায় উড়ে এসে তৃণমূলের বিরুদ্ধে আজ শনিবার চার্জশিট প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। এবার তার পাল্টা হিসেবে বিজেপির বিরুদ্ধে চার্জশিট প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। ঘাসফুল শিবিরের তরফে প্রকাশ করা ১৫ পাতার চার্জশিটের নাম দেওয়া হয়েছে "মোটা ভাই জবাব চাই"। শনিবার তৃণমূল ভবনে এই চার্জশিট পেশ করেন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু, তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, কীর্তি আজাদ সহ দলের অন্যান্য নেতৃত্ব।
আরও পড়ুন:
উল্লেখ্য, এদিন অমিত শাহ তৃণমূলের বিরুদ্ধে ৩৮ পাতার চার্জশিট পেশ করেন।
তাতে মূলত জনবিন্যাস, অনুপ্রবেশ, নারী নির্যাতন, বেকারত্ব, দুর্নীতি প্রভৃতি ইস্যু তুলে ধরা হয়েছে। এনিয়ে তৃণমূলকে একের পর এক আক্রমণ করেন শাহ। তার ঠিক কয়েক ঘণ্টা পরেই তৃণমূলের তরফে পাল্টা চার্জশিট পেশ করে প্রতিটি অভিযোগ নস্যাৎ করা হয়। ব্রাত্য বসু বলেন, এসআইআর বিজেপির চক্রান্ত। অমিত শাহ যে যে অভিযোগ করেছেন চার্জশিটে, তার উত্তর প্রস্তুত রেখেছে তৃণমূল কংগ্রেস। যে নারী নির্যাতন নিয়ে তৃণমূলকে আক্রমণ করেছেন অমিত শাহ সেই নারী নিরাপত্তাকেই হাতিয়ার করেছেন ব্রাত্য বসু, তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, কীর্তি আজাদরা। নিজেপি শাসিত রাজ্যগুলোর কথা উল্লেখ করে ব্রাত্য বসু স্পষ্ট বলেন, মহারাষ্ট্র, রাজস্থানে নারী নিরাপত্তার কী হাল আগে সেটা দেখুন। উন্নাও, হাথরাসে ধর্ষণকান্ডের উল্লেখ করে ব্রাত্য তোপ দাগেন, বিজেপি শাসিত রাজ্যে ধর্ষকদের মালা পরিয়ে আনা হয়।ফলে বিজেপি নেতাদের মুখে নারী সুরক্ষা মানায় না। অনুপ্রবেশ প্রসঙ্গে দিল্লিতে বিস্ফোরণ, সংসদে জনি হামলা, পহেলগাঁও-এর প্রসঙ্গ উল্লেখ করে ব্রাত্যর কটাক্ষ, এসব ঘটনায় কারা ধরা পড়ছে তা প্রকাশ্যে আনা হচ্ছে না। অথচ বাংলার বেলায় বলা হচ্ছে অনুপ্রবেশকারী।