পুবের কলম, ওয়েবডেস্ক: ডিজিটাল প্ল্যাটফর্মে অশ্লীলতা রুখতে বড়সড় পদক্ষেপ নিল ভারত সরকার। মঙ্গলবার তথ্য ও সম্প্রচার মন্ত্রকের পক্ষ থেকে মোট পাঁচটি ওটিটি (OTT) প্ল্যাটফর্মকে ব্লক বা নিষিদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি সূত্রে জানানো হয়েছে, এই প্ল্যাটফর্মগুলো দীর্ঘদিন ধরে আপত্তিকর ও অশ্লীল আধেয় সম্প্রচার করছিল। নিষিদ্ধ হওয়া প্ল্যাটফর্মগুলো হলো- MoodXVIP, Koyal Playpro, Digi Movieplex, Feel এবং Jugnu।
সরকারি আধিকারিকদের মতে, এই প্ল্যাটফর্মগুলো অশ্লীলতা বিরোধী একাধিক আইন লঙ্ঘন করেছে। নির্দিষ্ট পদ্ধতি মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তথ্যপ্রযুক্তি আইন, ২০২১ এবং অশ্লীলতা সংক্রান্ত প্রচলিত আইনগুলোর অধীনে ইন্টারনেট পরিষেবা প্রদানকারীদের এই প্ল্যাটফর্মগুলোর অ্যাক্সেস বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।
এই অভিযানটি মূলত তথ্যপ্রযুক্তি আইন, ২০০০-এর ৬৯এ ধারার অধীনে পরিচালিত হয়েছে। এই আইনটি সরকারকে বিভিন্ন কারণে অনলাইন কন্টেন্ট ব্লক করার ক্ষমতা প্রদান করে। মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ডিজিটাল মাধ্যমে জনশালীনতা বজায় রাখা, জাতীয় স্বার্থ রক্ষা এবং নৈতিক সাংবাদিকতা ও বিনোদনের মান নিশ্চিত করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। সরকারের এই পদক্ষেপের ফলে ভবিষ্যতে ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে আধেয় বা কন্টেন্ট তৈরির ক্ষেত্রে নির্মাতারা আরও সতর্ক হবেন বলে মনে করা হচ্ছে।




























