পুবের কলম, ওয়েবডেস্ক: বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে এবার নজিরবিহীন সংঘাতের আবহ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে একগুচ্ছ বিস্ফোরক অভিযোগ তুললেন দেশটির রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। বাংলাদেশের জনপ্রিয় সংবাদমাধ্যম ‘কালের কণ্ঠ’-কে দেওয়া একটি বিশেষ সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, বর্তমান সরকারের আমলে তাঁর ওপর দিয়ে রীতিমতো ‘ঝড়’ বয়ে গিয়েছে এবং তাঁকে ধাপে ধাপে হেয় প্রতিপন্ন করার চেষ্টা চলছে।
রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের প্রধান অভিযোগ হলো, বর্তমান অন্তর্বর্তী সরকার তাঁকে পদ থেকে সরানোর জন্য অসাংবিধানিক পথ অবলম্বন করেছে। তিনি বলেন, “দেশের শান্তি-শৃঙ্খলা ধ্বংস করা এবং আমাকে পদচ্যুত করার জন্য পরিকল্পিতভাবে বহু চেষ্টা চালানো হয়েছে।” রাষ্ট্রপতির এই মন্তব্য বাংলাদেশের বর্তমান রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিল।
সাক্ষাৎকারে রাষ্ট্রপতি নিজের ক্ষোভ উগরে দিয়ে জানান, সরকারের একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাঁকে সম্পূর্ণ অন্ধকারে রাখা হয়েছে। প্রসঙ্গত, শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশে যে টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছিল, রাষ্ট্রপতির এই বয়ান তাতে নতুন মাত্রা যোগ করল। ওয়াকিবহাল মহলের মতে, রাষ্ট্রপতির সাথে প্রধান উপদেষ্টার এই দূরত্ব ভবিষ্যতে আইনি ও সাংবিধানিক জটিলতা তৈরি করতে পারে।
































