কুখ্যাত মৃত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইন–সংক্রান্ত কংগ্রেসীয় তদন্তে সাক্ষ্য দিতে সম্মত হয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। সোমবার সন্ধ্যায় তাঁদের মুখপাত্র সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, রিপাবলিকান–নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদের পক্ষ থেকে আইনি তলব অমান্যের অভিযোগে তাঁদের বিরুদ্ধে ‘ক্রিমিনাল কনটেম্পট’ ঘোষণার সম্ভাব্য ভোটাভুটির আলোচনা চলছিল। এমন পরিস্থিতিতে তদন্ত কমিটির সামনে হাজির হওয়ার সিদ্ধান্ত নেন ক্লিনটন দম্পতি।
মার্কিন বিচার বিভাগ প্রকাশিত নথিতে বিল ক্লিনটনের কিছু ছবি থাকলেও তিনি বরাবরই এপস্টেইনের অপরাধ সম্পর্কে জানার অভিযোগ অস্বীকার করে আসছেন। তাঁর আইনজীবীদের দাবি, তদন্তে প্রয়োজনীয় সীমিত তথ্য ইতিমধ্যেই দেওয়া হয়েছে এবং রাজনৈতিক উদ্দেশ্যেই এই তলব জারি করা হয়েছে।
ক্লিনটন দম্পতির পক্ষ থেকে জানানো হয়েছে, সদিচ্ছা ও স্বচ্ছতার স্বার্থেই তাঁরা তদন্তে সহযোগিতা করবেন এবং আইনের সামনে সবাই সমান—এই বার্তাই তুলে ধরতে চান।




















