পুবের কলম, ওয়েবডেস্ক: নেপালের ধাদিং জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে এবং ২৪ জনেরও বেশি যাত্রী গুরুতর আহত হয়েছেন। রবিবার গভীর রাতে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ত্রিশূলী নদীতে পড়ে গেলে এই মর্মান্তিক ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকারী দল ও পুলিশের বড় বাহিনী, যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধার অভিযান। পুলিশ সূত্রে জানা গেছে, ৪০ জনেরও বেশি যাত্রী নিয়ে বাসটি পোখরা থেকে কাঠমান্ডুর উদ্দেশে রওনা হয়েছিল। ধাদিং জেলার বেনিঘাট রোরাং গ্রামীণ পুরসভার চরৌন্ডি এলাকার কাছে পৌঁছতেই হঠাৎ নিয়ন্ত্রণ হারান চালক। ফলে বাসটি রাস্তা থেকে ছিটকে নদীতে পড়ে যায়।
এখনও পর্যন্ত উদ্ধারকারীরা বহু দেহ উদ্ধার করেছেন এবং আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তাঁদের চিকিৎসা চলছে। গভীর রাত এবং নদীর প্রবল স্রোতের কারণে উদ্ধার কাজে যথেষ্ট সমস্যার মুখে পড়তে হয়েছে প্রশাসনকে। স্থানীয় বাসিন্দারাও উদ্ধারকাজে সক্রিয়ভাবে অংশ নেন। পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে নিউজিল্যান্ডের এক নাগরিক রয়েছেন। আহতদের মধ্যে জাপান ও নেদারল্যান্ডসের পর্যটকও আছেন। দুর্ঘটনার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়, তবে প্রাথমিকভাবে অতিরিক্ত গতিকে সম্ভাব্য কারণ হিসেবে মনে করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।




























