পুবের কলম প্রতিবেদক: চার রকমের উপাদান থাকে রক্তে। রক্তের এই উপাদান ব্যবহারের ক্ষেত্রে এবার রাজ্যের প্রত্যন্ত অঞ্চলের রোগীরাও উপকৃত হবেন। এমনই হচ্ছে রাজ্য স্বাস্থ্য দফতরের এক নির্দেশের জেরে। লোহিত রক্তকণিকা কণিকা (আরবিসি), অণুচক্রিকা (প্লেটলেটস), রক্তরস (প্লাজমা) এবং ক্লটিং প্রোটিন সমৃদ্ধ ক্রায়ো। রক্তের মধ্যে থাকে এই চার রকমের উপাদান।
বিশেষজ্ঞরা এমনই বলেন, হোল ব্লাড অর্থাৎ, গোটা রক্ত ব্যবহার না করে, এই সব রক্ত-উপাদানের মধ্যে যে রোগীর ক্ষেত্রে যে রক্ত-উপাদান প্রয়োজন, তাঁকে সেই উপাদান দেওয়া হলে চিকিৎসার মান আরও ভালো হয়। শুধুমাত্র তাই নয়। এর ফলে একদিকে যেমন এক ইউনিট রক্ত চার জন রোগীর জন্য ব্যবহার করা সম্ভব হয়। তেমনই অন্যদিকে রক্তের অপচয়-ও হয় না। তবে এর জন্য ব্লাডব্যাংকে রক্তের উপাদানগুলি পৃথক করার জন্য ব্যবস্থা থাকার বিষয়টি জরুরি। এই ব্যবস্থাকে বলা হয়, ব্লাড-কম্পোনেন্ট সেপারেশন (বিসিএস)।


































