পুবের কলম প্রতিবেদক: কিছুদিন আগেই ঝিয়ানঝাওতে আয়োজিত এশিয়ান গেমসে স্বপ্নের পারফরমেন্স করেছেন ভারতীয় প্রতিযোগীরা। প্রথমবার একশোটির বেশি পদক পেয়েছেন ভারতীয় প্রতিযোগীরা। সোনা এসেছে ২৮টি। আর এই প্রতিযোগিতায় বাংলার প্রতিযোগিরাও দারুণ পারফর্ম করেছেন। শুধু এশিয়ান গেমস নয়, প্যারা অলিম্পিক গেমসেও বাংলার প্রতিযোগীরা বেশ ভালো পারফর্ম করেছেন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এশিয়ান গেমস ও প্যারা অলিম্পিকে সফল প্রতিযোগীদের সংবর্ধনা দিতে চলেছেন। মঙ্গলবার নবান্ন থেকে এই তথ্য জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী নিজেই। তিনি জানিয়েছেন, বাংলার পদকজয়ীদের জন্য বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে রাজ্য সরকারের তরফ থেকে।
নবান্নের সভাঘর থেকে এই ঘোষণা করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন সবমিলিয়ে অন্তত ৩২২ জনের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। সংবর্ধনার পাশাপাশি আর্থিক পুরস্কারও দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বাংলার যে সমস্ত ক্রীড়াবিদ জাতীয় স্তরে সাফল্য পেয়েছে তাদেরও পুরস্কার দেওয়া হবে। সম্মাননা ও পুরস্কার বাবদ মোট ৬ কোটি টাকা খরচ হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।





























