পুবের কলম,ওয়েবডেস্ক : অসুস্থ স্ত্রীকে সুস্থ করতে দেবতার কাছে মানত করে একটি ৯ বছরের শিশুকে গলা কেটে বলি দিয়ে উত্তর প্রদেশের পুলিশের হাতে ধরা পড়ল একই পরিবারের ৬ জন। দেওরিয়া জেলার পাটখৌলি গ্রামের আরুশ গৌড় নামে ৯ বছরের শিশুটিকে গত ১৭ এপ্রিল থেকে পাওয়া যাচ্ছিল না। স্থানীয় পুলিশ তদন্তে নেমে নিখোঁজ রহস্যের জট খুলে ফেলে।
পুলিশ সুপার বিক্রান্ত বীর জানিয়েছেন, ধৃত ইন্দ্রজিৎ গৌড় অসুস্থ স্ত্রীকে সুস্থ করতে কাকা জয়প্রকাশ গৌড়ের শরণাপন্ন হয়। জয়প্রকাশ ইন্দ্রজিৎকে বলে, তোমার স্ত্রী দেবীর কাছে মানত করেছে। কোনও শিশুকে দেবীর উদ্দেশ্যে বলি না দিলে ওকে বাঁচানো যাবে না। তখন মরিয়া হয়ে ইন্দ্রজিৎ এবং তার শ্যালক ভীম গৌড় মিলে একটি শিশুর খোঁজ করতে থাকে।
ওদের দূর সম্পর্কের আত্মীয় রামশঙ্কর বলে, ৫০ হাজার টাকা দিলে সে এক শিশু জোগাড় করে দেবে। সেইমতো ইন্দ্রজিৎ রামশঙ্করকে ৫০ হাজার টাকা দেয়। বিনিময়ে রামশঙ্কর নিজের ভাইপো আরুশকে ওদের হাতে তুলে দেয়। ১৯ এপ্রিল পিপরা চন্দ্রভানে একটি ফলের বাগানে রাতে শিশুটির গলা কেটে বলি দেওয়ার পর গর্তে পুঁতে দেওয়া হয়। কিছুক্ষণ বাদে গর্ত থেকে ফের দেহ তুলে থলেতে ভরে একটি গাড়িতে করে নিয়ে গিয়ে পাশেই গৌড়ঘাটে নদীতে ফেলে দেয় ওরা।
পুলিশ তদন্ত করে সকলকে ধরে জেলে পাঠিয়ে দিয়েছে। ইন্দ্রজিৎ সব কথা স্বীকারও করেছে। শিশু বলি দিয়ে দেবীর কাছে মানত পূরণ করলে কোনও সঙ্কট থেকে পরিত্রাণ মিলবে, এ সনাতনী ভারতের হিন্দুদের পুরনো সংস্কার, যা এখনও রয়ে গিয়েছে। শুধু গ্রাম নয়, শহরেও এমন ঘটনা ঘটে।




























