পুবের কলম, ওয়েব ডেস্ক: বীরভূমের অন্তঃসত্ত্বা সোনালি বিবিকে বাংলাদেশে পাঠানোর সিদ্ধান্ত খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। আদালত জানিয়েছে, চার সপ্তাহের মধ্যে তাঁকে স্বামী ও পুত্র-সহ দেশে ফেরাতে হবে। কেন্দ্রের পক্ষ থেকে নির্দেশ স্থগিত রাখার আবেদনও খারিজ হয়েছে।
সোনালি ন’মাসের অন্তঃসত্ত্বা। পরিবারের দাবি, তিনি বীরভূমের পাইকরের বাসিন্দা, দিল্লিতে বহু বছর ধরে পরিচারিকা ও কাগজ কুড়ানোর কাজ করতেন। গত ১৮ জুন বাংলাদেশি সন্দেহে দিল্লি পুলিশ তাঁদের আটক করে বাংলাদেশে পাঠায়। পরে চাঁপাইনবাবগঞ্জে স্থানীয় পুলিশ তাঁদের গ্রেপ্তারও করে।
সোনালিদের আইনজীবীরা ভোটার কার্ড, জমির নথি, সন্তানের জন্মশংসাপত্র আদালতে জমা দিয়ে প্রমাণ করেছেন যে তাঁরা ভারতীয়। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানায়, বাংলাদেশে পাঠানোর সিদ্ধান্ত ভুল ছিল। আদালতের নির্দেশে স্বস্তি পেয়েছে পরিবার। রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম জানিয়েছেন, দেশে ফেরার পর সোনালি ও তাঁর পরিবারকে সবরকম সাহায্য করা হবে।

































