পুবের কলম, ওয়েব ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং সে দেশের সেনাপ্রধানের সঙ্গে হোয়াইট হাউসে রুদ্ধদ্বার বৈঠক করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump-Shehbaz Sharif)।আজ ভোরে হোয়াইট হাউসের ওভাল অফিসে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে বৈঠক করেছেন তিনি। তবে বৈঠকের আগে পাক দুই নেতাকে দীর্ঘক্ষণ অপেক্ষা করান বন্ধু ট্রাম্প।
এই প্রসঙ্গে, পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়, বৈঠকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও বিদেশ মন্ত্রী মার্কো রুবিও উপস্থিত ছিলেন। বিবৃতিতে বলা হয়, বৈঠকটি হয়েছে এক আন্তরিক পরিবেশে।
বৈঠকের পর প্রকাশিত ছবিতে দেখা গেছে, প্রধানমন্ত্রী শাহবাজ ও ফিল্ড মার্শাল মুনির প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আলাপ করছেন। এ সময় ট্রাম্পকে তাঁর স্বভাবসুলভ হাসি দিতে ও বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে সমর্থন প্রকাশের ভঙ্গিমায় দেখা যায়।২০১৯ সালের পর এই প্রথম কোনও পাক প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করছেন মার্কিন প্রেসিডেন্ট।
এদিনের বৈঠকের আগেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ভূয়সী প্রশংসা করেন ডোনাল্ড ট্রাম্প! দুপক্ষের বৈঠকের আগেই ট্রাম্প সাফ জানান, শাহবাজ দারুণ নেতা। তবে এই প্রশংসার পিছনে ‘নোবেল লোভ’ দেখছে বলেই মত একাংশের। কারণ ট্র্যাম্পকে নোবেল পাইয়ে দিতে অন্যতম সুপারিশকারী দেশ পাকিস্তানও।




























