পুবের কলম, ওয়েব ডেস্ক: শনিবার ভোরে গুরুগ্রামের ন্যাশনাল হাইওয়ে-৪৮ (NH-48)-এ ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল পাঁচজনের। ডিভাইডারে সজোরে ধাক্কা মেরে উল্টে যায় একটি চার চাকার গাড়ি। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা পাঁচজনকে মৃত ঘোষণা করেন, আর একজনকে গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয়েছে মেদান্তা হাসপাতালে।
পুলিশ জানিয়েছে, গাড়ির গতি অত্যন্ত বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়েই দুর্ঘটনা ঘটে। মৃতদের মধ্যে রয়েছেন তিনজন মহিলা ও দু’জন পুরুষ। দুর্ঘটনার তীব্রতায় গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। গাড়িটি উত্তরপ্রদেশ থেকে গুরুগ্রামের দিকে আসছিল বলে জানা গেছে। ঘটনার পর পুলিশ মৃতদেহগুলি ময়নাতদন্তে পাঠিয়েছে এবং দুর্ঘটনার অন্যান্য কারণ খতিয়ে দেখছে। উল্লেখযোগ্যভাবে, গত বছরও একই সড়কে দ্রুতগতির কারণে প্রাণহানির ঘটনা ঘটেছিল।





























