পুবের কলম, ওয়েবডেস্ক: হিন্দুদের অস্তিত্ব বিলুপ্ত হলে পৃথিবীর অস্তিত্ব শেষ হয়ে যাবে। তিন দিনের মণিপুর সফরে গিয়ে এমনই বিতর্কিত মন্তব্য করলেন সংঘ প্রধান মোহন ভাগবত। কীভাবে বিভিন্ন দেশ ধ্বংস হয়ে গেছে, কিন্তু ভারত অক্ষত অবস্থায় ধ্বংসের হাত থেকে বেরিয়ে এসেছে। এক সভায় বক্তব্য দিতে গিয়ে সংঘ প্রধান বলেন, “পরিস্থিতি আসে এবং যায়। বিশ্বে সব দেশকে ভিন্ন ভিন্ন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। কিছু জাতি ধ্বংস হয়ে গেছে। ইউনান (গ্রিস), মিসর (মিশর) এবং রোমা, সমস্ত সভ্যতা পৃথিবী থেকে ধ্বংস হয়ে গেছে। আমরা বিভিন্ন জাতির উত্থান ও পতন দেখেছি, কিন্তু আমরা এখনও এখানে আছি এবং একই রয়ে যাব।”
আরএসএস প্রধান বলেন, “প্রত্যেকের মধ্যে মৌলিক বোঝাপড়া ছিল যে পুরো ভারত আমাদের। নেতারা এখন রাজনৈতিক বাধ্যবাধকতার কারণে ভিন্ন মতামত প্রকাশ করতে শুরু করেছেন। ভারতবর্ষ তখন থেকেই আছে। মহাভারত, রামায়ণ এবং কালিদাসের মহান সাহিত্যেও ভারতবর্ষের সম্পূর্ণ উল্লেখ রয়েছে।” এরপর মণিপুর নিয়ে ভাগবতের বক্তব্য, “ভারতবর্ষকে মণিপুর থেকে আফগানিস্তান পর্যন্ত ভূখণ্ড হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। ভারত রাজ্যগুলি পরিবর্তন হতে দেখেছে এবং এমন সময় ছিল যখন অনেক রাজা ছিলেন এবং অন্য সময় একজন মহান শাসক ছিলেন।” আরএসএস প্রধান আরও বলেন, “একটা সময় ছিল যখন আমরা স্বাধীন ছিলাম এবং এমন সময় ছিল যখন আমরা আক্রমণের শিকার হয়েছিলাম। কিন্তু ভারত শক্তিশালী ছিল। একটি ঐক্যবদ্ধ ঐতিহাসিক দেশ হিসাবে দাঁড়িয়ে ছিল।”

































