পুবের কলম, ওয়েবডেস্ক: পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি’ বলে দাগিয়ে দিল পাক সেনাবাহিনীর ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনস (আইএসপিআর)। একইসঙ্গে ইমরানকে মানসিকভাবে অসুস্থ বলেও দাবি করা হয়েছে।
পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে ‘মানসিক ভারসাম্যহীন’ অভিহিত করে কঠোর সমালোচনা করেন জেলবন্দি ইমরান। ইমরান খান অভিযোগ করেন, আসিম মুনিরের ‘নৈতিক দেউলিয়াপনা পাকিস্তানের সংবিধান ও আইনের শাসনকে সম্পূর্ণ ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে।
শুক্রবার এক সংবাদ সম্মেলনে সেনাপ্রধানের বিরুদ্ধে ইমরান খানের এই বক্তব্যের জবাব দেন ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনসের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী। নাম উল্লেখ না করে ইমরান খানের কঠোর সমালোচনা করে তিনি। আইএসপিআর মহাপরিচালক বলেন, প্রাক্তন প্রধানমন্ত্রী ‘বিদেশি শক্তির সাথে কাজ করছেন, বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন, অস্থিরতা উসকে দিচ্ছেন এবং ক্রমাগত সশস্ত্র বাহিনীকে লক্ষ্যবস্তু করছেন। একটি নির্দিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বের প্রচারিত বয়ান এখন জাতীয় নিরাপত্তার জন্য হুমকিতে পরিণত হয়েছে। তার অহংকার ও ব্যক্তিগত আকাঙ্ক্ষা এমন পর্যায়ে পৌঁছেছে যে তিনি বলেন— আমি না থাকলে কিছুই থাকবে না।’ শরিফ চৌধুরী আরও বলেন, ‘কেউ যখন সেনাবাহিনী বা এর নেতৃত্বের ওপর আক্রমণ করে, তখন কার্যত তিনি আরেক সেনাবাহিনীর জন্য জায়গা তৈরি করছেন। পিটিআই প্রতিষ্টাতা সংবিধান, আইন ও প্রতিষ্ঠিত বিধিবিধানকে পাশ কাটিয়ে নিজের বয়ান প্রচার করছেন।’
































