পুবের কলম, ওয়েবডেস্ক: ফের রক্তাক্ত ভূস্বর্গ। সোমবার রাতে জম্মু ও কাশ্মীর জঙ্গিদের সঙ্গে নিরাপত্তাবাহিনীর গুলির লড়াই হয়। তাতে এক পুলিশকর্মী শহিদ হয়েছেন বলে খবর। মৃতের নাম আমজ়াদ পাঠান। তিনি পুঞ্চের মেন্ধারের বাসিন্দা। পাল্টা নিরাপত্তাবাহিনীর গুলিতে এক জঙ্গি গুরুতর জখম হয়েছে বলে জানা গিয়েছে। গোটা এলাকা ঘিরে ফেলে জঙ্গিদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান। বন্ধ করা হয়েছে পালানোর সব রাস্তা।
সোমবার গোপন সূত্রে খবর পেয়েই ভূস্বর্গের উধমপুরে অভিযান চালায় যৌথ বাহিনী। ওই শহরের সোয়ান এলাকায় বেশ কয়েকজন জঙ্গি লুকিয়ে রয়েছে বলে খবর পান নিরাপত্তাবাহিনী। এরপরই শুরু হয় তদন্ত অভিযান। সোয়ানে পৌঁছে একের পর এক বাড়িতে তদন্ত চালাতে শুরু করেন নিরাপত্তারক্ষীরা। বিপদ যে আসন্ন, তা বুঝে যায় সন্ত্রাসবাদীরা। এরপরেই গুলিবৃষ্টি। নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে চলে হামলা। হঠাৎ এই আক্রমণে গুলিবিদ্ধ হন আমজ়াদ। উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই শহিদ হন তিনি। জবাবি হামলায় এক জঙ্গি আহত হয়েছে বলে জানা গিয়েছে। জঙ্গিরা যাতে কোনওভাবে পালাতে না পারে তা নিশ্চিত করতে গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে। এদিন জম্মু পুলিশের আইজি ভিম সেন তুতি জানান, ‘গোপন সূত্রে খবর পেয়ে এসওজি বাহিনী, জওয়ান এবং আধাসেনার একটি দল অভিযান চালায়। এসওজি বাহিনীর রক্ষীরা যখন উধমপুরের জঙ্গলে প্রবেশ করছিলেন তখনই শুরু হয় গুলিবৃষ্টি।’
পুলিশের তরফে জানানো হয়েছে, সে রাতের মতো অভিযান স্থগিত করা হয়েছে এবং মঙ্গলবার আবার শুরু হয়েছে। জঙ্গিরা যাতে পালাতে না পারে তা নিশ্চিত করতে এবং ওদের নিকেশ করতে এলাকায় অতিরিক্ত বাহিনী পাঠানো হয়েছে।






























