পুবের কলম, ওয়েবডেস্ক: পাটনায় এক সরকারি অনুষ্ঠানে এক মুসলিম নারী চিকিৎসকের নিকাব টেনে নামানোর অভিযোগে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে চলেছেন হায়দ্রাবাদের প্রখ্যাত সমাজকর্মী খালেদা পারভীন। তিনি জানিয়েছেন, হায়দ্রাবাদের ল্যাঙ্গার হাউস থানায় শান্তিপূর্ণভাবে এই অভিযোগ দায়ের করা হবে এবং সাধারণ নাগরিকদেরও তাঁর সঙ্গে যোগ দেওয়ার আবেদন জানানো হয়েছে।
সোমবার পাটনায় নবনিযুক্ত আয়ুষ চিকিৎসকদের নিয়োগপত্র বিতরণ অনুষ্ঠানে এই বিতর্কিত ঘটনা ঘটে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি সংক্ষিপ্ত ভিডিওতে দেখা যায়, মঞ্চে উপস্থিত অবস্থায় এক নারী চিকিৎসকের নিকাব টেনে নামাচ্ছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। ওই সময় মঞ্চে উপমুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীও উপস্থিত ছিলেন। ভিডিওটি প্রকাশ্যে আসতেই দেশজুড়ে তীব্র সমালোচনার ঝড় ওঠে।





























