পুবের কলম, ওয়েবডেস্ক: পরিবারের অমতে ভিন জাতের ছেলেকে বিয়ে করে পালিয়ে গিয়েছিলেন মেয়ে। সেই রাগে বছর উনিশের অন্তঃসত্ত্বা মেয়েকে রড দিয়ে পিটিয়ে খুন করানোর অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে কর্নাটকের হুব্বাল্লি মহকুমার ইনামপুরভিল্লা গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত তরুণীর নাম মান্য প্যাটেল (১৯)। তিনি সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। ইতিমধ্যেই নিহত যুবতীর বাবা বীরানগৌড়া প্যাটেল, প্রকাশ এবং অরুণ নামে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। কর্নাটক পুলিশ জানিয়েছে, বিয়ের পর পরিবারের ভয়ে স্বামীসহ শ্বশুরবাড়ির পরিবারকে নিয়ে প্রায় ১০০ কিলোমিটার দূরে পাশের একটি জেলায় থাকতেন মান্য। গত ৮ ডিসেম্বরই তাঁরা আবার এলাকায় ফেরেন। তারপরেই এই ঘটনা। পুলিশের প্রাথমিক অনুমান, ভিন জাতের যুবককে বিয়ে করার কারণেই যুবতীকে খুন করা হয়েছে।
সূত্রে জানা গিয়েছে, চলতি বছরে মে মাসে বিবেকানন্দ দোদামানি নামে এক যুবককে বিয়ে করেছিলেন মান্য। পরিবারের প্রবল আপত্তি ছিল এই বিয়েতে। বিয়ের পরে থেকেই নিজেদের বাড়ি ছেড়ে হাভেরি জেলায় থাকছিলেন দম্পতি। ডিসেম্বরের ৮ তারিখে দোদামানি স্ত্রীকে নিয়ে তাঁর ইনামপুরভিল্লায় নিজের বাড়িতে ফেরেন। অভিযোগ, রবিবার সকালে প্রথমে মান্যের স্বামী এবং তাঁর শ্বশুরের উপর হামলা চালানো হয়। কিন্তু সেই সময় কোনও ক্রমে পালিয়ে গিয়ে প্রাণে বাঁচেন তাঁরা। এর পরেই সন্ধ্যায় মেয়ের শ্বশুরবাড়িতে হামলা চালানো হয়। কয়েক জন ঘরে ঢুকে রড দিয়ে বেধড়ক পেটান সাত মাসের অন্তঃসত্ত্বা মান্যকে।
এই ঘটনার পর গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছিল মান্যকে। হাসপাতালে যুবতীকে মৃত বলে ঘোষণা করে। ধারওয়াদের পুলিশ সুপার গুঞ্জন আর্য জানান, ঘটনার তদন্ত করা হচ্ছে। হুব্বাল্লি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। মান্যর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।




























