পুবের কলম, ওয়েবডেস্ক: বিলাসিতা আর অভিনবত্বের নতুন মাইলফলক গড়তে চলেছে দুবাই। বিশ্বের প্রথমবারের মতো সংযুক্ত আরব আমিরাতে নির্মিত হতে যাচ্ছে সোনায় মোড়ানো সড়ক। দুবাইয়ের বিখ্যাত ‘গোল্ড ডিস্ট্রিক্ট’-এ এই বিশেষ সড়কের নাম রাখা হয়েছে ‘গোল্ড স্ট্রিট’। মঙ্গলবার দুবাই মিডিয়া অফিস এক ঘোষণায় এই তথ্য জানায়। গোল্ড ডিস্ট্রিক্টের আনুষ্ঠানিক উদ্বোধনের পর দুবাইয়ের অন্যতম আবাসন সংস্থা ইথরা এই ব্যতিক্রমী প্রকল্পের ঘোষণা দেয়। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, প্রকল্পটির নকশা, নির্মাণপ্রক্রিয়া ও প্রযুক্তিগত দিকসহ বিস্তারিত তথ্য ধাপে ধাপে প্রকাশ করা হবে।
বিশ্বের অন্যতম বৃহৎ স্বর্ণ বাণিজ্যকেন্দ্র হিসেবে পরিচিত সংযুক্ত আরব আমিরাতের জন্য এই উদ্যোগকে প্রতীকী গুরুত্বের বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ২০২৪-২৫ অর্থবর্ষে দেশটি প্রায় ৫ হাজার ৩৪১ কোটি ডলারের স্বর্ণ রপ্তানি করেছে। সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, ভারত, হংকং ও তুরস্ক আমিরাতের প্রধান স্বর্ণ বাণিজ্যিক অংশীদার। বর্তমানে বিশ্বে দ্বিতীয় বৃহত্তম স্বর্ণবাজার হিসেবে অবস্থান করছে দেশটি। পর্যটন ও বাণিজ্যের আকর্ষণ আরও বাড়াতে ‘গোল্ড স্ট্রিট’ দুবাইয়ের গৌরবের তালিকায় নতুন সংযোজন হতে চলেছে বলে মনে করা হচ্ছে।
































