পুবের কলম, ওয়েবডেস্ক: এক হাজার কোটি টাকার ব্যাঙ্ক প্রতারণার অভিযোগে বৃহস্পতিবার সকালে কলকাতায় ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই)। আলিপুর-সহ শহরের একাধিক এলাকায় একযোগে এই অভিযান চালানো হচ্ছে। পূর্ব কলকাতার একটি ফিনান্স সংস্থা এবং তার শাখা সংস্থার কর্ণধারদের বাড়ি ও অফিসে তল্লাশি চলছে। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী।
সিবিআই সূত্রে জানা গেছে, একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে ঋণ নেওয়ার নামে প্রায় এক হাজার কোটি টাকা তছরুপের অভিযোগ উঠেছে। ২০১৪ থেকে ২০২০ সালের মধ্যে সংশ্লিষ্ট ফিনান্স সংস্থা ও তার সহযোগী সংস্থা ধাপে ধাপে এই বিপুল অঙ্কের ঋণ নেয়। ব্যাঙ্কের দাবি, প্রথম দফায় একটি সংস্থা প্রায় ৭৩০ কোটি ৮২ লক্ষ টাকা এবং পরবর্তী দফায় আরেকটি সংস্থা ২৬০ কোটি ২০ লক্ষ টাকা ঋণ নেয়। পরে আরও কয়েক দফায় অতিরিক্ত ঋণ নেওয়া হয়। অভিযোগ, ঋণ নেওয়ার পরই সংস্থাগুলি চুক্তির শর্ত ভঙ্গ করতে শুরু করে এবং সময়মতো কিস্তির টাকা ফেরত দেয়নি। প্রাথমিক তদন্তে সিবিআইয়ের হাতে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য—এই দুটি সংস্থা ছয়টি ভিন্ন ব্যাঙ্ক থেকেও হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়েছে, যার বড় অংশ ফেরত আসেনি।
এই ঘটনায় ২০২৩ সালে ব্যাঙ্ক কর্তৃপক্ষ সিবিআইয়ের কাছে লিখিত অভিযোগ দায়ের করে। পরবর্তীতে হাই কোর্টের নির্দেশে তদন্ত জোরদার হয় এবং মামলা রুজু করে কেন্দ্রীয় সংস্থা। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকাল থেকে এই তল্লাশি অভিযান চলছে। তদন্তকারীরা গুরুত্বপূর্ণ নথি ও আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য সংগ্রহ করছেন বলে জানা গেছে।





















