পুবের কলম প্রতিবেদক: রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল (ডিজি) পদ থেকে রাজীব কুমারের বিদায়ের প্রাক্কালে বিদায়ী সংবর্ধনায় ‘সৎ সাহসের’ নতুন সংজ্ঞা দিলেন রাজীব কুমার, অন্যদিকে তাঁর উত্তরসূরি কে হবেন— তা নিয়ে আইনি জটিলতা পৌঁছাল দিল্লি হাইকোর্ট পর্যন্ত।
আগামী ৩১ জানুয়ারি রাজীব কুমারের কর্মজীবনের শেষ দিন। তার আগে ২৮ জানুয়ারি আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে অত্যন্ত ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন তিনি। পুলিশি পেশার কঠিন চ্যালেঞ্জের কথা মনে করিয়ে দিয়ে রাজীব কুমার বলেন, “সৎ সাহস থাকলে সমস্ত সমস্যার মোকাবিলা করা সম্ভব। সাহস মানেই গুলি চালানো বা লোক মারা নয়। সাহস মানে রুখে দাঁড়িয়ে নিজের সিদ্ধান্তে অনড় থাকা।”
তিনি দাবি করেন, বাংলা পুলিশ প্রাণহানি ছাড়াই অনেক বড় বড় সমস্যার সফল মোকাবিলা করেছে। তাঁর মতে, অন্যান্য রাজ্যের তুলনায় বাংলার পুলিশিং অনেক বেশি চ্যালেঞ্জিং। তিনি আরও যোগ করেন, “লাইন অফ ডিউটিতে আমরা প্রাণ দিতে প্রস্তুত থাকি, আর এই মানসিকতা আসে একমাত্র সৎ সাহস থেকেই।”
এদিকে রাজীব কুমার বিদায় নিলেও কে হবেন পরবর্তী স্থায়ী ডিজি, তা নিয়ে এখনও কাটেনি ধোঁয়াশা। ২০২৩ সালের ডিসেম্বরে মনোজ মালব্যের অবসরের পর থেকেই রাজ্যে কোনো স্থায়ী ডিজি নেই। রাজীব কুমার ‘ভারপ্রাপ্ত’ বা ‘অস্থায়ী’ ডিজি হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন। নিয়ম অনুযায়ী, ডিজি অবসরের অন্তত তিন মাস আগে নামের তালিকা পাঠানোর কথা থাকলেও, প্রক্রিয়াগত বিলম্বের কারণে বিষয়টি জটিল হয়ে পড়ে।




























