পুবের কলম, ওয়েবডেস্ক: পণপ্রথার নির্মম বিষ যে আজও সমাজের গভীরে কতটা প্রোথিত, তার হৃদয়বিদারক প্রমাণ হয়ে রইল দিল্লির এই ঘটনা। দিল্লি পুলিশের স্পেশ্যাল ওয়েপন্স অ্যান্ড ট্যাকটিস (সোয়াট) ইউনিটের সাহসী মহিলা কমান্ডো কাজল চৌধুরিকে নৃশংসভাবে খুন করার অভিযোগ উঠল তাঁর স্বামীর বিরুদ্ধে। মাথায় ডাম্বেল দিয়ে আঘাত করে এবং দেওয়ালে ঠুকে তাঁকে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এই ঘটনায় অভিযুক্ত স্বামী অঙ্কুর চৌধুরিকে গ্রেপ্তার করা হয়েছে। দক্ষিণ-পশ্চিম দিল্লির দ্বারকা মোড়ে থাকতেন কাজল ও অঙ্কুর। ২০২৩ সালে তাঁদের বিয়ে হয়। দেড় বছরের একটি সন্তান ছিল তাঁদের, আর নতুন করে চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন কাজল। অথচ সেই অনাগত প্রাণ ও মায়ের স্বপ্নকে নিষ্ঠুরভাবে থামিয়ে দেওয়া হল এক রাতের হিংস্রতায়।
কাজলের ভাই নিখিল, যিনি নিজেও দিল্লি পুলিশের কনস্টেবল, অভিযোগ করেছেন—পণের দাবিতে কাজলকে দীর্ঘদিন ধরে মানসিক ও শারীরিক নির্যাতন করা হচ্ছিল। স্বামী ছাড়াও শাশুড়ি ও ননদের বিরুদ্ধেও নির্যাতনের অভিযোগ তুলেছেন তিনি। ২২ জানুয়ারি দাম্পত্য কলহ চরমে পৌঁছায়। সেদিনই মারাত্মকভাবে আহত হন কাজল। পরিবার তাঁকে হাসপাতালে ভর্তি করলেও শেষরক্ষা হয়নি। মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় নিভে যায় এক পুলিশের জীবন।





















