ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ইউরোপজুড়ে হাজার হাজার মানুষ পথে নেমে বিক্ষোভে সামিল হলেন। যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও গাজা উপত্যকায় ইসরাইলের অব্যাহত হামলার তীব্র প্রতিবাদ জানান বিক্ষোভকারীরা। পাশাপাশি, ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করতে ইউরোপীয় সরকারগুলোর প্রতি জোরালো আহ্বান জানানো হয়।
বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে জানানো হয়েছে, যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে ফিলিস্তিনপন্থি কয়েক হাজার মানুষ রাসেল স্কয়ার থেকে হোয়াইটহলের দিকে মিছিল করেন। সেখানে প্রধানমন্ত্রীর কার্যালয় ১০ ডাউনিং স্ট্রিটসহ একাধিক গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর রয়েছে। হাতে ফিলিস্তিনি পতাকা ও প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভকারীরা গাজায় ইসরাইলের হামলাকে ‘গণহত্যা’ আখ্যা দিয়ে নিন্দা জানান এবং ব্রিটিশ সরকারের নীতির কড়া সমালোচনা করেন।
বিক্ষোভে অংশ নেন ব্রিটিশ সংসদ সদস্য জারাহ সুলতানা ও জন ম্যাকডোনেলও। তাঁরা ইসরাইলের প্রতি ব্রিটেনের সমর্থন প্রত্যাহারের দাবি জানান।
অন্যদিকে, সুইডেনের রাজধানী স্টকহোমেও শত শত মানুষ ওডেনপ্ল্যান স্কয়ারে জমায়েত হয়ে গাজায় হামলা ও মানবিক সহায়তা আটকে দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানান। বিক্ষোভকারীরা সুইডিশ সরকারের কাছেও ইসরাইলকে অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান জানান।
বিক্ষোভকারীদের দাবি, গত বছরের অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরাইল গাজায় লাগাতার বিমান হামলা চালাচ্ছে। সরকারি তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে ইসরাইলি অভিযানে ৫২৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।






















