ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) চলাকালীন বিস্ফোরক অভিযোগ উঠে এল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লোকসভা কেন্দ্র বারাণসী থেকেই। বিজেপির বিধায়ক ও উত্তরপ্রদেশ সরকারের মন্ত্রী রবীন্দ্র জয়সওয়াল দাবি করেছেন, শুধু বারাণসী উত্তর বিধানসভা এলাকাতেই অন্তত ৯,২০০ জন ভুয়ো ভোটারের সন্ধান মিলেছে। তাঁর অভিযোগ, একাধিক ভোটারের নাম একাধিক বুথের তালিকায় নথিভুক্ত রয়েছে, এমনকি কোনও কোনও ক্ষেত্রে একজনের নাম পাঁচবার পর্যন্ত তোলা হয়েছে।
রবীন্দ্র জানান, দলীয় স্তরে যাচাই করেই এই তালিকা তৈরি করা হয়েছে এবং তা জেলা নির্বাচনী আধিকারিকের কাছেও জমা দেওয়া হয়েছে। তাঁর প্রশ্ন, “একজন ভোটারের নাম যদি একাধিক জায়গায় থাকে, তবে এসআইআর করে কী লাভ?” এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবিও তুলেছেন তিনি।
উল্লেখ্য, উত্তরপ্রদেশে এসআইআর-এর খসড়া তালিকায় ইতিমধ্যেই বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ পড়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। তার মধ্যেই শাসক দলের মন্ত্রীর এই অভিযোগ বিজেপির অন্দরেই অস্বস্তি বাড়াল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।


























