পুবের কলম, ওয়েবডেস্ক: সোমবার সকালে দিল্লির একাধিক স্কুলে বোমা রাখার হুমকি ঘিরে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। সকাল ৮:৩৩ মিনিট নাগাদ প্রথম ফোনটি আসে দিল্লি ফায়ার সার্ভিস-এর কাছে। এরপরই তড়িঘড়ি বিভিন্ন স্কুলে দমকলের ইঞ্জিন এবং বম্ব স্কোয়াড পাঠানো হয়।
দিল্লি ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, এখনও পর্যন্ত অন্তত নয়টি স্কুলে এই হুমকির ইমেল এসেছে। স্কুলগুলির মধ্যে রয়েছে- লোরেটো কনভেন্ট স্কুল (দিল্লি ক্যান্টনমেন্ট), ক্যামব্রিজ স্কুল, (শ্রীনিবাসপুরী, দক্ষিণ দিল্লি), ভেঙ্কটেশ্বর স্কুল (রোহিনী, উত্তর পশ্চিম দিল্লি), সিএম স্কুল (রোহিনী), বাল ভারতী স্কুল (রোহিনী), ক্যামব্রিজ স্কুল (নিউ ফ্রেন্ডস কলোনি, দক্ষিণ দিল্লি), দ্য ইন্ডিয়ান স্কুল (সাদিক নগর, দক্ষিণ দিল্লি), ডিটিএ স্কুল (আইএনএ)।
খবর অনুযায়ী, আরও বেশ কিছু স্কুলে একই ধরনের হুমকি ইমেল পাঠানো হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। হুমকির ইমেলটিতে অত্যন্ত উস্কানিমূলক এবং আপত্তিকর বার্তা দেওয়া হয়েছে। ইমেলে দাবি করা হয়েছে, “দিল্লি খালিস্তান হয়ে যাবে। পাঞ্জাবই খালিস্তান। আফজল গুরুর স্মৃতিতে…”। পাশাপাশি, ওই ইমেলে আরও চাঞ্চল্যকর দাবি করা হয়েছে যে, আগামী ১৩ ফেব্রুয়ারি দুপুর ১:১১ মিনিটে সংসদে বিস্ফোরণ ঘটানো হবে। হুমকি পাওয়ার পরই স্কুল কর্তৃপক্ষ পুলিশকে জানায় এবং সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে স্কুল খালি করে দেওয়া হয়। বম্ব স্কোয়াড এবং পুলিশ তল্লাশি অভিযান শুরু করেছে। তবে এখনও পর্যন্ত কোনো সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি বলে পুলিশ সূত্রে খবর।



























