পুবের কলম
ওয়াশিংটন ৯ ফেব্রূয়ারি :
দ্য ওয়াশিংটন পোস্টের প্রধান নির্বাহী ও প্রকাশক উইল লুইস পদত্যাগ করেছেন, সংস্থাটি ঘোষণা করেছে, সংবাদপত্রটি তার শত শত সাংবাদিককে ছাঁটাই করার জন্য ব্যাপক সমালোচনার মুখে পড়ার কয়েকদিন পর তার এই সিদ্ধান্ত ।
ইস্তফার কারণ ব্যাখ্যা করে সংস্থার কর্মীদের উদ্দেশে দু’পাতার একটি ই-মেল পাঠিয়েছেন উইল লুইস। তিনি লিখেছেন, ‘আমার দায়িত্বকালে দ্য পোস্টের টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে, যাতে আগামী বহু বছর ধরে আমরা প্রতিদিন লক্ষাধিক পাঠকের কাছে উচ্চমানের, নিরপেক্ষ সংবাদ পৌঁছে দিতে পারি।’ দ্য ওয়াশিংটন পোস্টের হোয়াইট হাউস ব্যুরো চিফ ম্যাট ভাইসার ওই বার্তাটি অনলাইনে শেয়ার করেছেন। এর আগে উইল লুইস ডাও জোন্স-এর সিইও ও ওয়াল স্ট্রিট জার্নালের প্রকাশক ছিলেন। ২০২৩ সালে যখন ওয়াশিংটন পোস্ট তীব্র আর্থিক সংকটে পড়ে, তখনই তাঁকে এই পদে নিয়োগ করা হয়। তিনি প্রায় এক দশক ধরে দায়িত্ব পালন করা ফ্রেড রায়ানের স্থলাভিষিক্ত হন।
অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের মালিকানাধীন ওয়াশিংটন পোস্টে চিফ ফাইনানসিয়াল অফিসার জেফ ডি’অনোফ্রিও অন্তর্বর্তীকালীন প্রকাশক ও সিইও হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়েছে। ডি’অনোফ্রিও গত বছরের জুন মাসে এই সংস্থায় যোগ দেন। এর আগে তিনি গুগল, ইয়াহু-সহ বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। শনিবার কর্মীদের পাঠানো এক ইমেলে তিনি লিখেছেন, ‘গ্রাহকদের তথ্যই আমাদের সিদ্ধান্ত গ্রহণের পথ দেখাবে এবং আমাদের পাঠকদের কাছে সবচেয়ে মূল্যবান বিষয়গুলো পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আমাদের সক্ষমতাকে আরও ধারালো করবে।’ অন্যদিকে, ওয়াশিংটন পোস্টের কর্মীদের প্রতিনিধিত্বকারী ইউনিয়নগুলো বলেছে, উইল লুইসের বিদায় ছিল অপরিহার্য। এক বিবৃতিতে ওয়াশিংটন পোস্ট গিল্ড জানায়, ‘উইল লুইসের পদত্যাগ অনেক আগেই দরকার ছিল ।




























