পুবের কলম, ওয়েবডেস্ক: নির্বাচন যত এগিয়ে আসে, ততই রাজনৈতিক লড়াইয়ের একাংশ সুপ্রিম কোর্টে স্থানান্তরিত হচ্ছে—এ প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন দেশের প্রধান বিচারপতি সূর্য কান্ত। মঙ্গলবার অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার একটি বিতর্কিত ভিডিয়ো সংক্রান্ত মামলার শুনানিতে এই মন্তব্য করেন তিনি। চলতি বছরে চার রাজ্য ও এক কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচন এবং অসমে ভোট থাকায় রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে।
অসম বিজেপির সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে প্রকাশিত হিমন্তের ওই ভিডিয়ো ঘিরে বিতর্ক শুরু হয়। পরে তা মুছে ফেলা হলেও বিষয়টি নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়। বামপন্থী নেতাদের আইনজীবী নিজাম পাশা দ্রুত হস্তক্ষেপের আর্জি জানালে প্রধান বিচারপতির বেঞ্চ মামলাটি শুনতে সম্মত হয়। বিচারপতি সূর্য কান্ত বলেন, “ভোট এগোলে আদালতেও লড়াই চলে আসে—এটাই সমস্যার।” সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজনৈতিক দল আদালতকে রাজনৈতিক মঞ্চ হিসেবে ব্যবহার করছে বলেও ইঙ্গিত দেন তিনি।





























