পুবের কলম, ওয়েবডেস্ক: দুর্নীতির অভিযোগে প্রধানমন্ত্রী এডি রামার পদত্যাগের দাবিতে আলবেনিয়ার রাজধানী তিরানায় তীব্র সরকারবিরোধী বিক্ষোভ সহিংস রূপ নিয়েছে। মঙ্গলবার রাতে পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ১৬ জন আহত হন এবং ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে জমায়েত বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ারশেল ব্যবহার করে। পাল্টা হিসেবে বিক্ষোভকারীরা পুলিশের দিকে মোলোটভ ককটেল নিক্ষেপ করে। সংসদ ভবনের আশপাশেও ব্যাপক সংঘর্ষের খবর মিলেছে।
গত নভেম্বর থেকে আলবেনিয়ায় রাজনৈতিক অস্থিরতা তীব্র আকার ধারণ করেছে। ওই সময় উপপ্রধানমন্ত্রী বেলিন্ডা বাল্লুকুর বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ ওঠে। বিক্ষোভকারীদের দাবি, প্রধানমন্ত্রী রামা ও উপপ্রধানমন্ত্রী বাল্লুকু—দু’জনেরই পদত্যাগ করতে হবে এবং বাল্লুকুর সংসদীয় দায়মুক্তি প্রত্যাহার করে বিচারের মুখোমুখি করতে হবে। ক্রমশ উত্তাল হয়ে ওঠা পরিস্থিতিতে দেশজুড়ে রাজনৈতিক সংকট আরও গভীর হচ্ছে।



































