পুবের কলম, ওয়েবডেস্ক: সরকারি অনুষ্ঠানে জাতীয় স্তোত্র ‘বন্দে মাতরম’ পরিবেশনের সময় দাঁড়িয়ে সম্মান জানানো বাধ্যতামূলক করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের জারি করা নির্দেশিকার তীব্র বিরোধিতা করল ‘অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড’। অমিত শাহের নেতৃত্বাধীন মন্ত্রকের এই পদক্ষেপকে বোর্ড অসাংবিধানিক, ধর্মীয় স্বাধীনতা ও ধর্মনিরপেক্ষ মূল্যবোধের পরিপন্থী বলে আখ্যা দিয়েছে সংগঠনটি।
মুসলিম পার্সোনাল ল বোর্ড এক বিবৃতিতে স্পষ্টভাবে জানিয়েছে, কেন্দ্রের এই নির্দেশিকা সুপ্রিম কোর্টের পূর্ববর্তী রায়ের পরিপন্থী এবং সংখ্যালঘুদের মৌলিক অধিকারের লঙ্ঘন। বোর্ডের পক্ষ থেকে যুক্তি দেওয়া হয়েছে, বন্দে মাতরম গানটিতে দেবী দুর্গা এবং অন্যান্য দেবদেবীর বন্দনার উল্লেখ রয়েছে, যা ইসলামের একেশ্বরবাদী বিশ্বাসের সাথে সরাসরি সাংঘর্ষিক। বোর্ডের বিবৃতিতে বলা হয়েছে, “মুসলিমরা শুধুমাত্র এক ঈশ্বরে বিশ্বাস করেন, তিনি হলেন আল্লাহ। এই গানে দেবদেবীর উল্লেখ থাকায় তা গাইতে বাধ্য করা বা দাঁড়িয়ে সম্মান জানানো আমাদের ধর্মীয় বিশ্বাসের পরিপন্থী।”
উল্লেখ্য, স্বরাষ্ট্র মন্ত্রকের নতুন নির্দেশিকা অনুযায়ী, বন্দে মাতরম বাজলে উপস্থিত সকলকে উঠে দাঁড়িয়ে গানের প্রতি সম্মান জানাতে হবে। এই নির্দেশিকার ঐতিহাসিক প্রেক্ষাপট ও ধর্মীয় ভাবাবেগ নিয়ে বিভিন্ন মহলে বিতর্ক শুরু হয়েছে।




























