পুবের কলম, ওয়েবডেস্ক: রাজস্থানের ভিওয়াদিতে একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৭ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টা নাগাদ এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। এই দুর্ঘটনায় আরও ১০ জন শ্রমিক এখনও কারখানার ভেতরে আটকে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে খবর, যখন আগুন লাগে তখন ওই বেসরকারি শিল্প ইউনিটটিতে ২০-২৫ জন শ্রমিক কাজ করছিলেন। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে মুহূর্তের মধ্যে তা কারখানার বড় অংশে ছড়িয়ে পড়ে। কয়েকজন শ্রমিক প্রাণ বাঁচাতে বেরিয়ে আসতে সক্ষম হলেও, অনেকেই ভেতরে আটকে পড়েন।
খবর পেয়েই পুলিশ, দমকলবাহিনী, চিকিৎসা দল এবং প্রশাসনিক কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। ত্রাণ ও উদ্ধারকাজ দ্রুততর করতে এলাকাটি কর্ডন (ঘিরে) করে ফেলা হয়। প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুমিতা মিশ্র জানিয়েছেন, নিয়মিত পুলিশ টহলদারির সময় প্রথম এই অগ্নিকাণ্ডের বিষয়টি নজরে আসে। বর্তমানে কারখানার ভেতরে আটকে থাকা শ্রমিকদের খোঁজে উদ্ধারকাজ চলছে।
অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তিজারার ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ শিবরাজ সিং ঘটনার প্রাথমিক তদন্ত তদারকি করছেন। পুলিশ সুপার এবং এডিএম সহ জেলার শীর্ষ কর্মকর্তারা পরিস্থিতি পর্যালোচনা করছেন। এদিকে, এই ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এই দুর্ঘটনাকে “দুঃখজনক এবং অত্যন্ত বেদনাদায়ক” বলে অভিহিত করেছেন।






























