পুবের কলম, ওয়েবডেস্ক: দল থেকে ইস্তফা দেওয়ার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই রাজ্য রাজনীতিতে নতুন চর্চার কেন্দ্রে উঠে এসেছেন ‘বিদ্রোহী কমরেড’ প্রতীক উর রহমান। রাজনৈতিক মহলে জোর গুঞ্জন— তিনি নাকি তৃণমূল কংগ্রেস-এ যোগ দিতে চলেছেন। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত তাঁর বা দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
সূত্রের খবর, চলতি সপ্তাহেই ঘাসফুল শিবিরে যোগ দিতে পারেন প্রতীক উর। ফলে আসন্ন ভোটকে সামনে রেখে তাঁকে প্রার্থী করা হতে পারে কি না, তা নিয়েও আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, তাঁর সাম্প্রতিক পদক্ষেপ রাজ্যের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করতে পারে। জানা যাচ্ছে, সিপিএমের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর তিনি নাকি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর দপ্তরের সঙ্গে যোগাযোগ করেছেন— এমন কথাও শোনা যাচ্ছে রাজনৈতিক মহলে। তবে বিষয়টি নিয়ে কেউই প্রকাশ্যে মুখ খুলছেন না।
সম্ভাব্য প্রার্থী হিসেবে মগরাহাট পূর্ব বা মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের নাম ঘুরে বেড়াচ্ছে। যদিও শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত হয়, তা সময়ই বলবে। প্রতীক উরের রাজনৈতিক ভবিষ্যৎ কোন পথে এগোয়,এখন সেদিকেই নজর রাজ্য রাজনীতির।

































