পুবের কলম, ওয়েবডেস্ক: গুজরাট বিধানসভায় পাস হল এক নতুন বিল। এবার থেকে আট ঘন্টা কাজের পরিবর্তে দশ ঘন্টা কাজ করতে হবে শ্রমিকদের। কর্মসংস্থান সৃষ্টি এবং কাজের পরিবেশ উন্নত করার লক্ষ্যে গুজরাট বিধানসভায় সংশোধনী বিল পাস হয়েছে বলে মত সরকারের। মঙ্গলবার পাস হওয়া এই বিলে দোকান এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোতে দৈনিক কর্মঘণ্টা বাড়ানোর পাশাপাশি মহিলাদের নাইট শিফটে কাজ করার অনুমতি দেওয়া হয়েছে। জানা গিয়েছে, ‘গুজরাট শপস অ্যান্ড এস্টাব্লিশমেন্টস (রেগুলেশন অফ এমপ্লয়মেন্ট অ্যান্ড কন্ডিশনস অফ সার্ভিস) (সংশোধনী) বিল, ২০২৬’ নামের এই বিলটি গত বছর জারি করা একটি অধ্যাদেশকে প্রতিস্থাপন করেছে।
বিজেপি সরকারের আনা এই বিলটি আলোচনার পর বিধানসভায় সর্বসম্মতিক্রমে পাস হয়েছে। বিরোধী দল কংগ্রেস প্রথমে কিছু বিষয়ে সংশয় প্রকাশ করলেও, শ্রম, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান মন্ত্রী কুনভারজি বাভালিয়ার আশ্বাসের পর বিলটিকে সমর্থন জানায়। মন্ত্রী কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা এবং বিধিনিষেধের সঠিক বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন।





























