পুবের কলম, ওয়েবডেস্ক: পবিত্র রমজান মাস শুরু হওয়ার প্রাক্কালে জেরুজালেমের আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের প্রবেশের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে ইসরায়েল। সোমবার ইসরায়েলি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ইসলামের তৃতীয় পবিত্রতম স্থানটির চারপাশে নিরাপত্তা জোরদার করতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
ঐতিহ্যগতভাবে রমজান মাসে প্রতিদিন এবং বিশেষ করে শুক্রবারের নামাজে অংশ নিতে পূর্ব জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদে সমবেত হন হাজার হাজার ফিলিস্তিনি। উল্লেখ্য, ১৯৬৭ সালে ইসরায়েল এই এলাকাটি দখল করে নিয়েছিল।
ফিলিস্তিনের জেরুজালেম গভর্নরেটের এক বিবৃতিতে জানানো হয়েছে, তাদের অবহিত করা হয়েছে যে এবারও গত বছরের মতো বিধিনিষেধ বহাল থাকছে। নতুন নিয়ম অনুযায়ী, শুধুমাত্র ৫৫ বছরের বেশি বয়সি পুরুষ এবং ৫০ বছরের বেশি বয়সি নারীদেরই মসজিদে প্রবেশের অনুমতি দেওয়া হবে। বিবৃতিতে আরও অভিযোগ করা হয়েছে, ইসরায়েলি কর্তৃপক্ষ এই স্থানটি পরিচালনার দায়িত্বে থাকা জর্ডান-নিয়ন্ত্রিত ‘ইসলামিক ওয়াকফ’ বোর্ডকে রমজানের নিয়মিত প্রস্তুতিমূলক কাজ করতে বাধা দিচ্ছে। এর মধ্যে রয়েছে নামাজের জন্য ছায়ার ব্যবস্থা করা এবং অস্থায়ী মেডিকেল ক্লিনিক স্থাপন।
ওয়াকফের একটি সূত্র এই নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, রমজান শুরু হওয়ার এক সপ্তাহ আগে বোর্ডের অন্তত ৩৩ জন কর্মীকে মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করতে বাধা দেওয়া হয়েছে। ফিলিস্তিনিদের কাছে আল-আকসা মসজিদ তাদের জাতীয় পরিচয়ের একটি প্রধান প্রতীক, যা প্রায়শই উত্তেজনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।





























