পুবের কলম, ওয়েবডেস্ক: পবিত্র রমজান মাসের প্রথম তারাবিহ নামাজ অনুষ্ঠিত হলো জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে। কঠোর নিরাপত্তা ও কড়াকড়ির মধ্যেও হাজার হাজার ফিলিস্তিনি মুসল্লি নামাজে অংশ নেন। পুরো এলাকাজুড়ে ইসরায়েলি পুলিশ-এর ব্যাপক মোতায়েন দেখা যায়। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, মুসল্লিরা মসজিদের মূল নামাজঘর এবং খোলা চত্বরে জড়ো হন। এশা ও তারাবিহ নামাজে ইমামতি করেন মসজিদের খতিব শেখ ইউসুফ আবু স্নেইনাহ। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, নামাজ চলাকালীন নিরাপত্তা বাহিনী প্রাঙ্গণের ভেতরে টহল দিচ্ছে।
এর আগে জেরুজালেম ও ফিলিস্তিনি ভূখণ্ডের গ্র্যান্ড মুফতি শেখ মোহাম্মদ হোসেন ঘোষণা করেন, চাঁদ দেখা যাওয়ায় রমজান মাস শুরু হয়েছে। ফলে মুসল্লিরা প্রথম তারাবিহ আদায় করেন গভীর ধর্মীয় আবহে। অধিকৃত পূর্ব জেরুজালেমে চলমান উত্তেজনা, গ্রেপ্তার, প্রবেশে বিধিনিষেধ এবং ধর্মীয় ব্যক্তিত্বদের ওপর সাময়িক নিষেধাজ্ঞার প্রেক্ষাপটে এবারের নামাজ অনুষ্ঠিত হয়। মানবাধিকার সংগঠনগুলোর দাবি, রমজান উপলক্ষে আল-আকসায় প্রবেশে বিধিনিষেধ আরও জোরদার করা হয়েছে, যা উপাসনার অধিকারকে সীমিত করছে। স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে শতাধিক ফিলিস্তিনির বিরুদ্ধে আল-আকসায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সাম্প্রতিক ঘটনাপ্রবাহে এলাকায় নিরাপত্তা উত্তেজনা আরও বেড়েছে বলে মনে করা হচ্ছে।


































