পুবের কলম, ওয়েবডেস্ক: চরম রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে যাওয়া লাতিন আমেরিকার দেশ পেরুর নতুন অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন প্রাক্তন বিচারপতি তথা বামপন্থী আইনপ্রণেতা হোসে মারিয়া বালকাজ়ার। বুধবার পেরুর কংগ্রেসের এক বিশেষ অধিবেশনে ভোটাভুটির মাধ্যমে তাঁকে এই পদে নির্বাচিত করা হয়।
৮৩ বছর বয়সী বালকাজ়ার পেরুর ইতিহাসে নবম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন। তবে তাঁর এই দায়িত্ব অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের জন্য। আগামী ১২ এপ্রিল পেরুতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নিয়ম অনুযায়ী, নির্বাচনের দিনই তাঁর মেয়াদের অবসান ঘটবে। অর্থাৎ, মাত্র ৫৩ দিনের জন্য তিনি দক্ষিণ আমেরিকার এই দেশটির শাসনভার পরিচালনা করবেন।
দায়িত্ব গ্রহণের পর বালকাজ়ার জানিয়েছেন, তাঁর প্রধান লক্ষ্য হবে ১২ এপ্রিলের নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা। ৫৩ দিনের এই স্বল্প মেয়াদে তিনি মূলত একটি তদারকি সরকারের ভূমিকা পালন করবেন।

































