পুবের কলম, ওয়েবডেস্ক: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের জেরে দায়ের হওয়া মানহানি মামলায় উত্তরপ্রদেশের সুলতানপুর আদালতে হাজিরা দিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। শুক্রবার সকালে তিনি উত্তরপ্রদেশের সুলতানপুরের বিশেষ এমপি-এমএলএ আদালতে উপস্থিত হয়ে নিজের বয়ান রেকর্ড করেন। আদালত শুক্রবার রাহুলের বয়ান রেকর্ড করার পর মামলাটি পরবর্তী পর্যায়ের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। রাহুল গান্ধীর আইনজীবীরা জানিয়েছেন, তারা বিচারব্যবস্থার ওপর পূর্ণ আস্থা রাখছেন।
শুক্রবার সকালে লখনউ পৌঁছানোর পর রাহুল গান্ধী সরাসরি সুলতানপুর আদালতের উদ্দেশে রওনা হন। উত্তরপ্রদেশ কংগ্রেসের সভাপতি অজয় রাই পিটিআই-কে জানিয়েছেন, রাহুল গান্ধী শুধুমাত্র এই শুনানির জন্যই এসেছেন এবং প্রক্রিয়া শেষ করে তিনি দিল্লিতে ফিরে যাবেন। আদালতে হাজিরার আগে স্থানীয় কংগ্রেস কর্মীরা সুলতানপুরের বিভিন্ন জায়গায় ‘সত্যমেভ জয়তে’ লেখা পোস্টার লাগিয়ে সংহতি প্রকাশ করেন।
প্রসঙ্গত, ২০১৮ সালে কর্নাটক বিধানসভা নির্বাচনের প্রচার চলাকালীন রাহুল গান্ধী তৎকালীন বিজেপি সভাপতি অমিত শাহ সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেছিলেন বলে অভিযোগ ওঠে। সেই ঘটনার প্রেক্ষিতে স্থানীয় বিজেপি নেতা বিজয় মিশ্র একটি মানহানির মামলা দায়ের করেন। গত পাঁচ বছর ধরে এই মামলার বিচার প্রক্রিয়া চলছে। ২০২৪ সালের ২৬ জুলাই, আদালতকে দেওয়া এক বিবৃতিতে রাহুল গান্ধী নিজেকে নির্দোষ দাবি করে পুরো বিষয়টিকে একটি ‘রাজনৈতিক ষড়যন্ত্র’ বলে অভিহিত করেছিলেন।





























