পুবের কলম, ওয়েবডেস্ক: মধ্যপ্রদেশের জবলপুর জেলার সিহোরা শহরে দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষের জেরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করতে হয়েছে। এই ঘটনায় একাধিক দোকান ও যানবাহন ভাঙচুর এবং পাথর ছোড়ার খবর পাওয়া গেছে। গত বৃহস্পতিবার রাতে সিহোরা শহরের আজাদ চক এলাকায় এই সংঘর্ষের সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শীদের মতে, ওই এলাকায় একটি দুর্গা মন্দির এবং একটি মসজিদ খুব কাছাকাছি অবস্থিত। বৃহস্পতিবার রাতে মন্দিরে যখন আরতি চলছিল, তখন মন্দিরের একটি ক্ষতিগ্রস্ত নিরাপত্তা গ্রিলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়। প্রাথমিক কথা কাটাকাটি দ্রুত সহিংসতায় রূপ নেয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, উভয় পক্ষ একে অপরকে লক্ষ্য করে প্রচণ্ড পাথর বৃষ্টি শুরু করে। রাস্তায় দাঁড়িয়ে থাকা যানবাহন এবং পার্শ্ববর্তী দোকানপাটে ভাঙচুর চালানো হয়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে একটি মসজিদের ছাদ থেকে পাথর ছুড়তে দেখা গেছে। সূত্রের খবর, পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ায় প্রথমে পুলিশ মৃদু লাঠিচার্জ করে। তাতেও কাজ না হওয়ায় পুলিশ আট থেকে দশ রাউন্ড টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করে।
জবলপুরের পুলিশ সুপার সম্পদ উপাধ্যায় জানান, “পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে কঠোর পদক্ষেপ নিতে হয়েছে। বর্তমানে ওই এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।” জেলাশাসক রাঘবেন্দ্র সিং নিশ্চিত করেছেন যে বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।





























