পুবের কলম, ওয়েবডেস্ক: উৎসবের মরসুমের মাঝেই ফের বড়সড় নাশকতার ছায়া দেশের রাজধানীতে। গোয়েন্দা সূত্রে খবর, পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবা দিল্লির একাধিক গুরুত্বপূর্ণ স্থান ও জনবহুল এলাকায় হামলা চালানোর পরিকল্পনা করছে। এই সতর্কবার্তা পাওয়ার পরেই দিল্লি জুড়ে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন।
কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলির কাছে আসা গোপন তথ্য অনুযায়ী, জঙ্গিদের নিশানায় রয়েছে, লালকেল্লার মতো পর্যটনকেন্দ্র। দিল্লির একাধিক গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর ধর্মীয় স্থান। চাঁদনি চকের মতো ঘনবসতিপূর্ণ বাণিজ্যিক অঞ্চল। গোয়েন্দাদের আশঙ্কা, সাধারণ মানুষের ভিড়কে কাজে লাগিয়ে IED (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক ছড়াতে পারে জঙ্গিরা। মূলত পুরোনো দিল্লি এলাকাকেই তারা ‘সফট টার্গেট’ হিসেবে বেছে নিতে চাইছে বলে মনে করা হচ্ছে।
এই আশঙ্কার কথা প্রকাশ্যে আসতেই কোমর বেঁধে নেমেছে দিল্লি পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। নিরাপত্তার খাতিরে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। পুরোনো দিল্লির প্রবেশ ও বাহির পথগুলোতে বসানো হয়েছে পুলিশি ব্যারিকেড। সন্দেহভাজন প্রতিটি গাড়ি দাঁড় করিয়ে তল্লাশি চালানো হচ্ছে। জনবহুল বাজার ও পর্যটন কেন্দ্রগুলোতে বাড়ানো হয়েছে সাদা পোশাকের পুলিশের নজরদারি। গুরুত্বপূর্ণ ধর্মস্থানগুলোর চারপাশে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে এবং সিসিটিভি ক্যামেরার মাধ্যমে কড়া নজর রাখা হচ্ছে।




























